রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে করা অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে প্রতিষ্ঠানটির ১৩ জন শিক্ষক ও একজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তিন দিন তাঁদের ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সংস্কার ও উন্নয়নের নামে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে অধ্যক্ষ জার্জিস কাদিরের বিরুদ্ধে। তবে তাঁর দাবি, আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ষড়ন্ত্রমূলকভাবে এই অভিযোগ করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, জার্জিস কাদির গত বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কলেজের তহবিল থেকে ২৬টি উপকমিটি করে সরকারি বাসভবন, সীমানাপ্রাচীরসহ বিভিন্ন সংস্কার ও উন্নয়নকাজের নামে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিত গত ২৯ ডিসেম্বর কলেজের উন্নয়ন ও সংস্কার কমিটি, ভর্তি কমিটি এবং বৃক্ষরোপণ ও পরিচর্যা-সংক্রান্ত কমিটির যাবতীয় নথিপত্র দুই দিনের মধ্যে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়। এরপর ১৭ জানুয়ারি কমিটির দায়িত্বপ্রাপ্ত ১৩ জন শিক্ষক ও একজন কর্মচারীকে পরদিন দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। সেখানে টানা তিন দিন তাঁদের ভাগ ভাগ করে জিজ্ঞাসাবাদ করা হয়। বাকিদের রাজশাহীতে গিয়ে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন।
জানতে চাইলে অধ্যক্ষ জার্জিস কাদির বলেন, তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর সরকারি যে বাসভবন পেয়েছেন তা ছিল বসবাসের অযোগ্য। কলেজে অন্যান্য সংস্কারকাজও জরুরি ছিল। একাডেমিক কাউন্সিলে শিক্ষকেরা তাঁকে সেসব উন্নয়ন ও সংস্কারকাজ করার জন্য অনুরোধ করেন। এরপর তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করেন। কিন্তু তাদের তহবিল ছিল না। পরে তিনি তাদের পরামর্শ নিয়ে যে পর্যন্ত বিনা দরপত্রে খরচের এখতিয়ার আছে, সেই পর্যন্ত বিভিন্ন উপকমিটি করে উন্নয়ন ও সংস্কারকাজ করেছেন। টাকা উত্তোলন ও খরচ করেছেন কমিটির আহ্বায়কেরা। তিনি শুধু তদারক করেছেন।