রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ এস এম আবুল কালাম আজাদ ও অধ্যক্ষ এম মুস্তাফা জামান মিয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠানের সাধারণ তহবিল থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে।
বিএনএফের (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ ৫ জানুয়ারির নির্বাচনের বদৌলতে ঢাকা-১৭ আসনে (গুলশান-বারিধারা) সাংসদ হন। গত মার্চে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হন। এর পর থেকে চার মাসে তিনি ও অধ্যক্ষ মিলে প্রতিষ্ঠানের সাধারণ তহবিল থেকে ৩১ লাখ টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ থেকে ২০ লাখ টাকা কমিশন আদায়, আর্থিক সুবিধা নিয়ে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ১১ জন নতুন শিক্ষক নিয়োগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক এস এম আলী আশরাফ।
অবশ্য আবুল কালাম আজাদ দাবি করেন, বর্তমান অধ্যক্ষকে সরিয়ে আলী আশরাফ নিজে অধ্যক্ষ হতে চেয়েছিলেন। সেটা না করায় তাঁকে এর সঙ্গে জড়ানো হয়েছে। তিনি পাল্টা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের অন্য ব্যক্তিরা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে ভবন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিল। তিনি গিয়ে কাজ শুরু করিয়েছেন।
আবুল কালাম দাবি করেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীরা তাঁকে ‘ম্যানেজ’ করতে তাঁর চিকিৎসার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে ১০ লাখ টাকা তাঁর ব্যাংক হিসাবে পাঠিয়েছিলেন। সেটা তিনি এখনো ছুঁয়ে দেখেননি।
তবে সাংসদের এ দাবির সঙ্গে নথিপত্রের কোনো মিল নেই। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব (সোনালী ব্যাংকের গুলশান শাখা) থেকে চেকের মাধ্যমে (অ্যাকাউন্ট পে) আবুল কালাম আজাদের ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা জমা পড়েছে। চেকে সই করেছেন অধ্যক্ষ মুস্তাফা জামান মিয়া ও পর্ষদ সভাপতি আবুল কালাম আজাদ নিজে।
এ ছাড়া নথিপত্রে দেখা যায়, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুস্তাফা জামান মিয়ার বিরুদ্ধে ২৬টি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা ও আইন শাখা তদন্ত করে। তাতে ১৮টি অভিযোগ প্রমাণিত হয়। একই বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পৃথক তদন্তেও অভিযোগের সত্যতা মেলে। তার পরও এ অধ্যক্ষের স্বপদে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবদুল জব্বার মেহমান।
তিনিসহ পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম খান, মো. মনিরুজ্জামান, আনোয়ার হোসেন, এস এম আলী আশরাফ ও বিল্লাল হোসেন গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের মধ্যে আরও রয়েছে প্রতিষ্ঠানের অর্থে অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ি ক্রয়, প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অধ্যক্ষের করা মামলার খরচ বাবদ শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়, সরকারি প্রজ্ঞাপন অবজ্ঞা করে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়, শিক্ষার্থীদের জন্য ডায়েরি, পরিচয়পত্র ও বুকলিস্ট তৈরির নামে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের বিভিন্ন ভাতা প্রদানে অনিয়ম ইত্যাদি।
এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মুস্তাফা জামানের বক্তব্য জানার জন্য দুদিন ধরে নানাভাবে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গেলে অফিস সহকারী জাহিদুর রহমান জানান, অধ্যক্ষ দুদিন ধরে আসেননি। এরপর বনানীতে অধ্যক্ষের বাসায় গেলে একটি শিশু দরজা খোলে। সে কয়েক দফা ভেতরে যাওয়া-আসা করে জানাল, বাসায় বড়রা কেউই নেই। মুঠোফোন ও বাসার ফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
অবশ্য সাংসদ এস এম আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তিনি পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার পর থেকে অধ্যক্ষের অর্থ আত্মসাতের কোনো প্রমাণ পাননি। এর আগে কী ঘটেছে, সেটা তাঁর জানা নেই।