অধ্যক্ষের নিষ্ঠুর শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষের শাস্তিতে দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র মানবীর চাকমা (১৫) ও মিলন চাকমা (১৪) রাঙামাটি জেনারেল হাসপাতালে শুয়ে প্রথম আলোকে জানায়, তারা সকাল নয়টার দিকে একজন সহপাঠীর কাছ থেকে একটি মোবাইল আনতে কেন্দ্রের দোতলায় যায়। সেখান থেকে ফিরে আসার সময় অধ্যক্ষ তাদের দেখতে পেয়ে ডাক দেন। প্রথমে মানবীর তাঁর কাছে গেলে রাস্তায় হাঁটু ও কনুই গেড়ে বসতে বলেন। তাঁর কথামতো বসার পর অধ্যক্ষ আইনুল হক প্রথমে পিঠের ওপর ওঠেন এবং পরে নিচে নেমে সারা শরীরে লাথি মারতে থাকেন। এভাবে অনেকক্ষণ লাথি মারার পর মাথায় দুটি ইট তুলে দেন। একই সঙ্গে ইটের ওপর লাথি মারেন। মাথায় আঘাত পেয়ে মানবীর রাস্তায় শুয়ে পড়ে। পরে মিলন চাকমাকে একইভাবে শাস্তি দেন অধ্যক্ষ। এতে তারা হাঁটা-চলার শক্তি হারিয়ে রাস্তায় পড়ে থাকে।

খবর পেয়ে টিটিসির ছাত্রছাত্রীরা মানবীর ও মিলনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার কিছুক্ষণ পর অধ্যক্ষও হাসপাতালে এলে ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় চিকিৎসকেরা অধ্যক্ষকে একটি কক্ষে নিয়ে রাখেন। পরে পুলিশ এসে সেখান থেকে তাঁকে নিয়ে যান।

অধ্যক্ষ আইনুল হক মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই দুই ছাত্র কেন্দ্রের শ্রেণীকক্ষের সামনে চেঁচামেচি করছিল। সেটার শাস্তি হিসেবে তাদের ডেকে নিলডাউন হতে বলা হয়। কিন্তু তা না করায় শিক্ষকেরা জোর করে নিলডাউন করানোর সময় হাঁটুতে একটু ব্যথা পেয়ে থাকতে পারে।’

এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা কঠোর হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে হাসপাতালে আসা অটোমোটিভ বিভাগের শিক্ষক রতন চক্রবর্তী বলেন, ‘ছাত্ররা চিৎকার চেঁচামেচি করায় অধ্যক্ষ শাস্তি দিয়েছেন। তবে শাস্তিটা খুব বেশি হয়ে গেছে। হয়তো অধ্যক্ষের মাথা গরম হয়ে গিয়েছিল।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ বলেন, ‘আমি নিজে হাসপাতালে গেছি। এভাবে একজন শিক্ষকের ছাত্রদের মারা অবৈধ। ছাত্ররা আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করব।’