রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের বয়স ১১২ বছর। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদ ৩২ বছর ধরে শূন্য। রয়েছে শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট। ব্রিটিশ আমলে তৈরি ভবনগুলো পরিত্যক্ত। এসব ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। একই রকম পরিত্যক্ত ভবনে থাকেন ছাত্ররা। এমনই ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষাজীবন পার করছেন সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অথচ জেলা পরিষদ দাবি করছে, তাদের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির পেছনে বছরে এক কোটি টাকা ব্যয় হয়।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রকৌশল শিক্ষার সুবিধার্থে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার-সংলগ্ন সোনাদিঘির পশ্চিম পাশে এক একর জমির ওপর ১৮৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সাল থেকে এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়, যা এখনো চলছে।সার্ভে ইনস্টিটিউটের মান নিয়ন্ত্রণ, পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদান বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও আর্থিক দায়ভার বহন করছে রাজশাহী জেলা পরিষদ। দেশে এ জাতীয় আরেকটি প্রতিষ্ঠান আছে কুমিল্লায়। ১৯৮৪ সালে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। কিন্তু রাজশাহী সার্ভে ইনস্টিটিউট এখনো জেলা পরিষদের অধীনে রয়েছে। ফলে আর্থিক সংকটের কারণে শতবর্ষের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে।চার বছর মেয়াদি কোর্সে প্রতি ব্যাচে ৮০ জন করে শিক্ষার্থী ভর্তি হন। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫০। শিক্ষার্থীদের পাঠদানের জন্য আটটি এবং গবেষণাগারের জন্য আরও আটটি কক্ষের প্রয়োজন। কিন্তু প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী কক্ষ আছে মাত্র ছয়টি। গবেষণাগার ও পাঠদানের জন্য বাধ্য হয়ে পরিত্যক্ত দুটি ভবনের ১০টি কক্ষ ব্যবহার করতে হয়।সম্প্রতি ইনস্টিটিউটে গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত ভবন দুটির কড়ি-বর্গার ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সবচেয়ে খারাপ অবস্থা ছাত্রাবাসের। এটি যেন একটি ভুতুড়ে বাড়ি। একটি ভবন ভেঙে পড়ে আছে। চারদিকে ঘাস গজিয়ে একেবারে জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। এর ভেতর দিয়ে শিক্ষার্থীরা পাশের ছাত্রাবাসে গিয়ে ওঠেন। এখানে ২৪ জন শিক্ষার্থী থাকেন। ছাত্রাবাসের কক্ষগুলোর জানালার পাল্লা নেই, রডও নেই। শিক্ষার্থীরা কাগজ ও অন্যান্য জিনিস দিয়ে কোনোমতে জানালার ফাঁকা অংশটুকু আড়াল করে রেখেছেন। ভেতরে চেয়ার-টেবিল নেই। দীর্ঘদিন থেকে ছাত্রাবাসে পানির লাইন নেই। আগে একটি নলকূপ ছিল। এখন তাও নেই। জঙ্গলের ভেতর দিয়ে কোনো রকমে শৌচাগারে যেতে হয়।শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, এখানে কত রকম জীবজন্তু যে থাকে, তার ইয়ত্তা নেই। কয়েক দিন আগে তাঁকে সাপে তাড়া করেছিল। শিক্ষার্থী মো. আকাশ বলেন, বৃষ্টি হলেই ছাদের পলেস্তারা খসে পড়ে। কয়েক দিন আগে তাঁর মাথার ওপর একটি চাঁই ভেঙে পড়েছিল।শিক্ষার্থীরা অভিযোগ করেন, টিভি কক্ষের পেছনের বারান্দায় সন্ধ্যার পরেই মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডা বসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এসবের প্রতিবাদ করলে কয়েকজন স্থানীয় মাস্তান আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়।’ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার জাহিদ বলেন, ‘৩২ বছর ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদ শূন্য। আমিই ২২ বছর ধরে দায়িত্ব পালন করছি। ১৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন ১০ জন। এ ছাড়া প্রধান সহকারী, নিম্নমান সহকারী ও গ্রন্থাগারিক নেই।’ তিনি জানান, ভবনের জন্য দুই বছর আগে দরপত্র আহ্বান করা হয়। অজ্ঞাত কারণে তা স্থগিত আছে। বহিরাগতদের অত্যাচারের ব্যাপারে তিনি এক রকম অসহায়ত্ব প্রকাশ করেছেন।রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ধীরেন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে এ ধরনের আর কোনো প্রতিষ্ঠান জেলা পরিষদের অধীনে নেই। এই প্রতিষ্ঠানের জন্য রাজশাহী জেলা পরিষদের বছরে এক কোটি টাকার মতো ব্যয় হয়, যা জেলা পরিষদের একটি সমস্যা বৈকি!’ তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির কিছু যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র আহ্বান করা হবে। কিন্তু ভৌত অবকাঠামোর জন্য কোনো পরিকল্পনা আছে কি না, তাঁর জানা নেই।