অধ্যক্ষের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহ শহরের মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকিরের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করেছেন কলেজের শিক্ষকেরা। গতকাল শনিবার দুপুরে কলেজের শহীদ মিনারে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তাঁরা।
কর্মবিরতি পালন করা শিক্ষকেরা বলেন, অধ্যক্ষের সীমাহীন দুর্নীতির কারণে কলেজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারি বরাদ্দের টাকা থেকে শুরু করে হোস্টেল ফান্ড, বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ ও উপবৃত্তির লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে বলেও জানান শিক্ষকেরা।
কর্মবিরতি পালনের সময় উপস্থিত ছিলেন আ ন ম হারুন অর রশিদ, গিয়াস উদ্দিন, মঞ্জুরুল হক, জেসমীন আক্তার, আয়শা আক্তার, ইসরাত জাহান খান, ইসরাত জাহান রুমা, দিদার মাহমুদ, আনোয়ার হোসেন, এনামুল হক, আবু সালেহ মূসা, রেহানা পারভীন, মুমিনুন্নিছা খানম, সালাহউদ্দিন আহমেদ, তৌফিকুন নূর, আনোয়ার শরীফ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মনগড়া। এর আগে অনেক অভিযোগ আনা হয়েছে। তদন্তে সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এবার তদন্তেও তা মিথ্যা প্রমাণিত হবে আশা করি।’
মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাদিক খান বলেন, ‘শিক্ষকদের এ রকম একটা অভিযোগ আছে। এ বিষয়ে দুদকে অভিযোগ করেছেন তাঁরা। বিষয়টি আমরাও খতিয়ে দেখছি।’