অধ্যক্ষের পদত্যাগ দাবিতে এবার শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজের টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপারে অবস্থিত মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকিরের পদত্যাগের দাবিতে এবার মানববন্ধন করল শিক্ষার্থীরা।
গতকাল রোববার কলেজের ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকেরাও যোগ দেন। গত শনিবার একই দাবিতে কর্মবিরতি করেছিলেন কলেজ শাখার শিক্ষকেরা।
গতকালের মানববন্ধনে কলেজ শাখার ৩০ জন শিক্ষকের মধ্যে ২৮ জন অংশ নেন। এ ছাড়া শতাধিক ছাত্রী মানববন্ধনে উপস্থিত ছিল। এ সময় শিক্ষকেরা বলেন, বাইরে থেকে সবাই জানেন জিয়াউদ্দিন শাকির একজন ভালো মানুষ। কিন্তু শুধু কলেজের শিক্ষকেরা জানেন, তিনি নানা সময়ে কলেজ থেকে কী পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন।
বক্তারা বলেন, বিবিধ খাত, সরকারি বরাদ্দকৃত টাকা, হোস্টেলের আসন ভাড়া, শিক্ষার্থীদের ফরম পূরণসহ বিভিন্ন খাত থেকে ২০০৪ সাল থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। ২০১২ সালে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে জিয়াউদ্দিনের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তিনি প্রায় ৯ লাখ টাকা ফেরত দেন। সরকারি প্রকল্প ও পৌরসভা থেকে পাওয়া উন্নয়ন খাতের টাকা কোনো কাজ না করিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে আত্মসাৎ করেন।
জিয়াউদ্দিন শাকির তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা।