অধ্যক্ষের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে পাবনা টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের প্রবেশমুখে শিক্ষার্থীরা গতকাল রোববার মানববন্ধন করেছে। একই সঙ্গে তারা এসব দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার ঘোষণা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, সংশিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় কলেজের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ২৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেছে মাত্র ১১০ জন। ১৬৫ জনের ফলাফল খারাপ হয়েছে। তাদের দাবি, ভালো পরীক্ষা দেওয়া সত্বেও তারা পরীক্ষায় পাস করতে পারেনি। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অবহেলার কারণেই এই ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীরা বিষয়টি মোকাবিলা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে বারবার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু গত কয়েক দিনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে। একপর্যায়ে মিছিলটি পাবনা-ঢাকা মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকে। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে বিক্ষুব্ধ ছাত্ররা সেখান থেকে ফিরে গিয়ে কলেজ ভবনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশের লাঠিপেটায় কলেজের তিন ছাত্র আহত হয়। গতকাল রোববার ছাত্রছাত্রীরা পুলিশ দিয়ে তাদের ওপর নির্যাতনের বিচার, আহত ছাত্রদের সুচিকিত্সা, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ ও ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসের প্রবেশমুখে মানববন্ধন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী বলেন, বিক্ষুব্ধ ছাত্রদের দাবি অযৌক্তিক। নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায়ের পরামর্শ দেওয়া হলেও তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।