অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বাংলাবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
গতকাল দুপুর ১২টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে বিভিন্ন ট্রেডের কয়েক শ ছাত্র মানববন্ধন করেন। আধা ঘণ্টা পর তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
কম্পিউটার ট্রেডের ছাত্র ওমর ফারুক বলেন, প্রতি মাসে একজন ছাত্রকে ৪০০ টাকা শিক্ষাবৃত্তি দেওয়ার কথা। কিন্তু ছয় মাস পর এক-দুই মাসের টাকা দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী টাকা পাচ্ছেন না। পর্যাপ্ত সরঞ্জাম ও কম্পিউটার থাকা সত্ত্বেও ছাত্ররা তা ব্যবহার করতে পারছেন না। অনেক কম্পিউটার বিকল হয়ে পড়ে আছে। ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই। এক ট্রেডের শিক্ষার্থী অন্য ট্রেডে বদলি হওয়ার নিয়ম থাকলেও অধ্যক্ষ বদলি হতে দিচ্ছেন না। হোস্টেলে খাবারের ব্যবস্থা নেই।
আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, এসব সমস্যা সমাধানে অধ্যক্ষ কোনো উদ্যোগ নিচ্ছেন না। বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। বর্তমান অধ্যক্ষ থাকলে পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই। তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রশিক্ষণ কেন্দ্রটি ২০১৫ সালের সেপ্টেম্বরে চালু হয়েছে। বর্তমানে ছাত্রসংখ্যা ৬৫০ জন। এখনো এটি প্রকল্পের আওতায় চলছে। বরাদ্দ আসছে সামান্য। যা দিয়ে বিপুলসংখ্যক ছাত্রের চাহিদা পূরণ করা সম্ভব না। উল্টো বদনামের ভাগী হতে হচ্ছে। সরকারকে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে।