অধ্যক্ষের পর এবার কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কাজী আবদুল মান্নানও (কে এ মান্নান নামে পরিচিত) পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বেলা একটা ১৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার কথা উল্লেখ করেছেন উপাধ্যক্ষ কাজী আবদুল মান্নান।
কলেজের শিক্ষকেরা জানান, মূলত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ পদত্যাগ করেন। ওই কারণে উপাধ্যক্ষও পদত্যাগ করেছেন। তবে উপাধ্যক্ষ বলেন, ‘আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে উপাধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছি।’
কলেজের শিক্ষার্থীরা জানান, রাজনীতিমুক্ত কুমিল্লা মেডিকেল কলেজে বাইরের একটি শক্তি প্রভাব বিস্তার করছে।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ছাত্রলীগের দুটি পক্ষ শাহ আলম বীর উত্তম ছাত্রাবাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে একাডেমিক কাউন্সিল বহিষ্কার করে। এ ঘটনার জের ধরে গত বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন করে। গত বৃহস্পতিবার অধ্যক্ষ পদত্যাগ করেন।