অধ্যক্ষের পর এবার উপাধ্যক্ষের পদত্যাগ
অধ্যক্ষের পর এবার কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কাজী আবদুল মান্নান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শনিবার বেলা একটা ১৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।
জমা দেওয়া পত্রে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক বলে উল্লেখ করা হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ পদত্যাগ করেন। একই কারণে উপাধ্যক্ষও পদত্যাগ করেছেন বলে কলেজের অন্য শিক্ষকেরা দাবি করেছেন। এ অবস্থায় গভীর সংকটে পড়েছে কুমিল্লা মেডিকেল কলেজ।
পদত্যাগপত্র জমা দেওয়া উপাধ্যক্ষ কে এ মান্নান বলেন, ‘২০১০ সালের ১৪ ডিসেম্বর থেকে কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছি। একই সঙ্গে শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। বর্তমানে আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে উপাধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছি।’ এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানতে চাইলে সদ্য পদত্যাগ করা অধ্যক্ষ অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন) মাধ্যমে সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজই ওই পদত্যাগপত্র মন্ত্রণালয়ে ফ্যাক্সে ও ই–মেইলে পাঠানো হয়।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর কলেজের শাহ আলম বীর উত্তম ছাত্রাবাসে ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকায় ছাত্রলীগের তিন কর্মী জয় জগন্নাথ অনুপ, মীর তানভীর আহমেদ ও তানভীর আহমেদ রাফসানকে ছয় মাসের জন্য একাডেমিক কাউন্সিল বহিষ্কার করে। এ ঘটনার জের ধরে গত বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন করেন। এর জেরে গত বৃহস্পতিবার অধ্যক্ষ ও আজ উপাধ্যক্ষ পদত্যাগ করলেন।
আওয়ামী লীগ–সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা শাখার কিছু নেতার অযাচিত হস্তক্ষেপের কারণে কুমিল্লা মেডিকেল কলেজে এ সংকট দেখা দিয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে।
আরও জানতে পড়ুন.....
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় ক্লাস-পরীক্ষা বন্ধ