অধ্যক্ষের প্রতারণা প্রতিবাদে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র না থাকলে বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ করা যাবে না। এ জন্য দুই বছর আগে আট ছাত্রকে বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়। নিয়োগ দেওয়া হয় দুই শিক্ষক। প্রায় দুই বছর লেখাপড়া করে ওই আট ছাত্র যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন জানতে পারে মাদ্রাসাটি বিজ্ঞান বিভাগের অনুমোদনই পায়নি। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসায়। ঘটনার প্রতিবাদে ও দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার দাবিতে শনিবার ওই ছাত্ররা মিছিল করে মাদ্রাসার সাতটি শ্রেণীকক্ষ ভাঙচুর করেছে।ওই আট ছাত্র হচ্ছে রেজোয়ানুল হক, সোহেল রানা-১, সোহেল রানা-২, সায়েমুর রহমান, শাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আসাদুল হক ও মাসুদুর রহমান। এদের মধ্যে রেজোয়ানুল জানায়, শিক্ষকেরা তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। এ কারণে তাদের জীবন থেকে দুই বছর ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল ওয়াদুদ অভিযোগ করেন, অধ্যক্ষের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অধ্যক্ষ আকবর আলী বলেন, ‘ওই ছাত্ররা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এ তদবির করতেই আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বিজ্ঞান বিভাগে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। অপরজন মাস্টাররোলে শিক্ষকতা করছেন।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।