চট্টগ্রামের বাঁশখালী উপজেলার হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলামের প্রত্যাহার আদেশ বাতিলসহ বিভিন্ন দাবিতে একদল ছাত্র গতকাল শনিবার সকালে মাদ্রাসায় বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় ছাত্ররা মাদ্রাসার দরজা-জানালা বন্ধ করে দেয় এবং অফিস সহকারী জাকের আহমেদ চৌধুরীকে মারধর করে। গুরুতর আহত জাকের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ নজির বলেন, মাদ্রাসার কয়েকজন ছাত্র সকাল ১০টার দিকে নতুন অধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল, পুরোনো অধ্যক্ষকে স্বপদে বহালসহ বিভিন্ন দাবিতে মাদ্রাসার দরজা-জানালা বন্ধ করে দেয়। একপর্যায়ে মাদ্রাসার অফিস সহকারী জাকের আহমেদ চৌধুরীকে মারধর করে। পরে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। আহত জাকের আহমেদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
খান বাহাদুর ফাউন্ডেশন (ট্রাস্ট) পরিচালিত বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষকে প্রত্যাহার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছি। এ আদেশ তুলে নেওয়ার কোনো ক্ষমতা আমাদের হাতে নেই।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমেদ খান বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, মাদ্রাসা বন্ধ। কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। এর বেশি কিছু আমি জানি না। ’
মাদ্রাসা সূত্রে জানা যায়, অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম একই সঙ্গে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দুটি পদে থাকার আইনি বাধ্যবাধকতা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পরিচালনা কর্তৃপক্ষ তাঁর সইয়ে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা বন্ধ রাখে। এ অবস্থায় গত ২৭ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনাকারী কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এতে জরুরি সভা ডেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধের অনুরোধ জানানো হয়।