অধ্যক্ষের বদলি ঠেকাতে ছাত্রলীগের আন্দোলন ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষের বদলি ঠেকাতে ছাত্রলীগের একাংশ আন্দোলনে নেমেছে। তারা শ্রেণীকক্ষ, অফিস ও অধ্যক্ষের কার্যালয়ে গতকাল শনিবার তালা দিয়ে রাখে। ছাত্রলীগ শিক্ষক-কর্মচারীদের ঢুকতে বাধা দেয় এবং ক্যাম্পাসে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর শেষ বর্ষের মৌখিক পরীক্ষা হয়নি। পরীক্ষা নিতে ভিন্ন কলেজ থেকে যে শিক্ষকেরা এসেছিলেন, তাঁরা ফিরে গেছেন। সব বিভাগের স্নাতক (সমঞ্চান) শ্রেণীর অভ্যন্তরীণ নির্বাচনী (টেস্ট) পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রফিক সেরনিয়াবাত অভিযোগ করেন, বিদায়ী অধ্যক্ষ ৬৪ লাখ টাকার দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদের সহসভাপতি ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার প্রথম আলোকে বলেন, অধ্যক্ষের বদলি ঠেকাতে সাধারণ ছাত্ররা আন্দোলনে নেমেছেন। বিদায়ী অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।