অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ শাহাদাত জামান সরকারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সম্মুখে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
কলেজ সূত্র জানায়, গত ২৩ জুলাই কলেজের অধ্যক্ষকে উল্লাপাড়া থেকে নাটোর জেলার আবদুলপুর ডিগ্রি কলেজে বদলি করা হয়। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা তাঁর বদলি বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দেন। শিক্ষার্থীদের মধ্যে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ইব্রাহিম, জাহেদুল, মুরাদুজ্জামান ও মনিরুজ্জামান বলেন, ‘বর্তমান অধ্যক্ষ শাহাদাত জামান এক বছর আগে এই কলেজে যোগদানের পর কলেজের শিক্ষার ফলাফল উন্নয়নসহ সব ধরনের কর্মকাণ্ডে গতি ফিরিয়ে এনেছেন। তাঁর চাকরির মেয়াদ রয়েছে আর মাত্র ছয় মাস। এই স্বল্প সময়ের মধ্যে তাঁকে বদলি করাও বেআইনি। আমরা এই অধ্যক্ষকে আপাতত অন্যত্র যেতে দেব না। এ জন্য প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।’
এ বিষয়ে অধ্যক্ষ শাহাদাত জামান বদলির বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।