নরসিংদী সরকারি মহিলা কলেজ
অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবি, শ্রেণীকক্ষে তালা দিয়েছে শিক্ষার্থীরা
নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহার ও এক শিক্ষিকার অপসারণের দাবিতে গতকাল রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ করে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলা বিভাগের একজন শিক্ষিকা অধ্যক্ষ কালাম মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এই অভিযোগের ভিত্তিতে গত ২১ জুলাই অধ্যক্ষকে অন্য কলেজে বদলি করা হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, ঠিকমতো ক্লাস না নেওয়ায় ওই শিক্ষিকার বিরুদ্ধে অধ্যক্ষ বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থা নিতেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষিকা অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁকে ফাঁসিয়ে দিয়েছেন। ওই শিক্ষিকার অপসারণ দাবি করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষের পক্ষে আন্দোলন করায় ওই শিক্ষিকা মুঠোফোনে তাঁদের আপত্তিকর কথা বলেছেন। অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে গতকাল শিক্ষার্থীরা কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। ওই শিক্ষিকার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। উল্লেখ্য, ২১ জুলাই অধ্যক্ষের বদলির আদেশ আসার পর থেকে তা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।