রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিন ধরে ছাত্রলীগের ডাকে ধর্মঘট চলছে। একই দাবিতে সংগঠনটির নেতা-কর্মীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ কারণে এখানে কোনো ক্লাস হচ্ছে না। প্রত্যক্ষদর্শী ও কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে বগুড়ার আজিজুল হক কলেজে বদলি করা হয়। এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজ শাখা ছাত্রলীগ ওই দিনই ধর্মঘট আহ্বান করে। এই দাবি মেনে না নেওয়ায় গতকাল শনিবারও ধর্মঘট অব্যাহত ছিল। গতকাল সকালে একই দাবিতে ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ২০১১ সালের ৫ জানুয়ারি দীপকেন্দ্র নাথ দাস রংপুর কারমাইকেল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। গত ১৫ মে তাঁকে বগুড়া আজিজুল হক কলেজে বদলি করা হয়। কিন্তু তখন ছাত্রলীগের আন্দোলনের মুখে এই বদলির আদেশ তিন দিন পর প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর আবার বুধবার তাঁর বদলি-সংক্রান্ত ফ্যাক্সবার্তা কলেজে আসে।