অধ্যক্ষের বদলির সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কালাম মাহমুদকে অন্যত্র বদলির সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা। এ কারণে গত বুধবার থেকে ক্লাস বর্জন করছে ছাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে অন্তত ৩০০ ছাত্রী ক্লাস বর্জন করে নরসিংদী শহরের সার্কিট হাউস রোডে বিক্ষোভ মিছিল করে। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজিউদ্দিন আহমদ সার্কিট হাউস থেকে বের হয়ে রায়পুরায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। ছাত্রীরা তাঁর গাড়িবহর ঘিরে ধরে। পরে তারা মন্ত্রীর কাছে অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানায় এবং স্মারকলিপি দেয়। দুপুরে তারা একই দাবিতে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে ছাত্রীরা জানায়, কলেজের বাংলা বিভাগের এক প্রভাষিকা পাঠদানে অনিয়মিত ছিলেন। বিষয়টি তারা অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এর পর থেকে ওই শিক্ষিকা অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। হঠাৎ করে ওই শিক্ষিকা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করেন। এই কারণে বুধবার অধ্যক্ষের বদলি আদেশ আসে। ছাত্রীরা বলেন, ‘আমরা নিশ্চিত, অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমাদের শিক্ষক অপবাদ নিয়ে কলেজ ছাড়বেন, আমরা তা মেনে নেব না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’এ সময় কয়েকজন ছাত্রী কান্নায় ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রেসক্লাবেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। অধ্যক্ষ কালাম মাহমুদ বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যে অনেকের সহযোগিতা নিয়ে কলেজটিকে ভালো পর্যায়ে নিয়ে এসেছি। এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েছি। কিন্তু কখনোই ভাবিনি যৌন নিপীড়নের অভিযোগ মাথায় নিতে হবে।’ অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল হাসান প্রথম আলোকে বলেন, ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো বাধা দেবে না। তবে বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।