বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের বাসভবনে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার ক্যাম্পাসে ক্যালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছেন শিক্ষক-কর্মচারীরা। এদিকে ওই ঘটনায় অধ্যক্ষের দায়ের করা মামলায় নেতা-কর্মীদের আসামি করায় বিকেলে কলেজে বিক্ষোভ করেছে ছাত্রশিবির।
কলেজ সূত্রে জানা যায়, গতকাল ১৮-দলীয় জোটের হরতাল থাকায় শহরে মৌন মিছিল ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি স্থগিত করে শিক্ষক পরিষদের পক্ষ থেকে বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়। এতে কলেজের কর্মচারী সমিতিও যোগ দেয়। মিছিল শেষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিল শেষে শিক্ষক পরিষদের নেতারা ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। এদিকে অধ্যক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে পুলিশ।
অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি মৌখিকভাবে পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন।
এদিকে বিকেলে কলেজ চত্বরে বিক্ষোভ-সমাবেশে ছাত্রশিবির অভিযোগ করে, অধ্যক্ষ এই কলেজে যোগদানের পর থেকেই ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে আসছেন। ছাত্রলীগের একটি পক্ষ অধ্যক্ষের বাসায় হামলা চালিয়ে শিবিরকে ফাঁসাতে চাইছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে ছাত্র ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়। ২৫ নভেম্বর রাতে আজিজুল হক কলেজের অধ্যক্ষের বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।