অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহিমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই কলেজের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি সভাপতি বরাবর লিখিত এ অভিযোগ করেন। এসব অনিয়ম খতিয়ে দেখতে বুধবার তিন সদস্যের একটি অভ্যন্তরীণ নিরীক্ষণ কমিটি (অডিট কমিটি) করা হয়েছে। কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. ইমতিয়াজ আহমেদকে নিরীক্ষণ কমিটির প্রধান করা হয়। লিখিত এ অভিযোগ থেকে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের কাছ থেকে রসিদবিহীন এক হাজার ৫০০ টাকা করে আদায়, কলেজের মাঠ ভরাটের জন্য গত বছরের ১০ এপ্রিল দুই লাখ টাকা উত্তোলন করে জমা না দেওয়া, অনুমোদন ছাড়াই দুটি পুরোনো টিনশেড বিল্ডিং ৯৫ হাজার টাকা বিক্রি করে মাত্র দুই হাজার টাকা জমাদান, কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের ব্যয় বাবদ এক লাখ ২০ হাজার টাকা ব্যয় দেখানো, চারজন শিক্ষককে (খণ্ডকালীন) এককভাবে নিয়োগ দেওয়াসহ ১৯টি অভিযোগ করেন। কলেজে নবীনবরণ অনুষ্ঠানের অর্থ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নবীনবরণ ছাত্রলীগের ব্যানারে হওয়ায় পুরো টাকা প্রতিমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে খরচ করেছেন, কলেজ ফান্ড থেকে এক টাকাও নেওয়া হয়নি।উপজেলা চেয়ারম্যান ও কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, অধ্যক্ষের যোগদান ও চাকরি এমপিওভুক্তির বিষয়ে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সবকিছু ঠিকঠাক করতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অধ্যক্ষ আবদুর রহিম আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অর্থ আত্মসাৎ করিনি। এ রকম মানসিকতাও পোষণ করি না। দুই লাখ টাকা উত্তোলন করেছি এবং ব্যয়ও করেছি। এটা সবাই জানেন, সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমাকে বলেছেন, কলেজ এগিয়ে নিতে যেখানে যা ব্যয় করার করতে। এ জন্য কমিটির অনুমতির প্রয়োজন নেই।’ যোগদানপত্রের সঙ্গে কলেজের কোনো ছাড়পত্র নেই তাতে কী হয়েছে, আমি কলেজের উন্নয়নের জন্য কাজ করছি চাকরি এমপিওভুক্তি না হলেও চলবে, কলেজের প্রয়োজনে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এটিও সবাই জানেন। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি, স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হবে।’