অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে মাদ্রাসার ছয়টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির ছয়জন সদস্য গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ আজাহারুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে জানিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির নীতিমালার বিষয়ে আমার জানা ছিল না।’
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, ‘মাদ্রাসার শ্রেণীকক্ষের ছাদ নির্মাণের জন্য গাছগুলো বিক্রি করা হয়েছে। উপজেলা দরপত্র কমিটির মাধ্যমে গাছ বিক্রি করার বিষয়ে আমার জানা ছিল না।’
ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহবুব আলম বলেন, ‘গাছ বিক্রির বিষয়টি সাত সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির মধ্যে আমরা ছয়জন সদস্যের কেউ জানি না। অধ্যক্ষ অবৈধভাবে দেড় লাখ টাকার গাছ মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। এখন ধরা পড়ে তিনি মাদ্রাসার কক্ষ উন্নয়নের মিথ্যা কথা বলছেন। ইউএনও হাফিজুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।