খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি-কপিলমুনি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য এবং পদোন্নতি ও টাইম স্কেল অনুমোদনের জন্য শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে গত ২২ মার্চ ২৯ জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে খুলনা-৬ আসনের সাংসদ নুরুল হকের কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মেজবাহ উদ্দীন উচ্চ মাধ্যমিকসহ ডিিগ্র পর্যায়ে শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। শিক্ষকদের পদোন্নতির ফাইল ছাড় করতে জনপ্রতি ৪০ হাজার টাকা করে এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ফাইল ছাড় করতে ৭০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অধ্যক্ষ মেজবাহ উদ্দীনের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট চারবার তদন্ত করা হয়েছে। ২০০৫ সালের ২৭ জুলাই অডিট পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে তদন্ত করেন অডিট অফিসার আবদুল গফুর । ২০০৫ সালের ২৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয় তদন্ত করে। ২০০৭ সালের ১২ জুন তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)৷ সর্বশেষ ২০০৭ সালের ২৫ জুন তদন্ত করেন সহকারী কমিশনার (ভূমি) পাইকগাছা। প্রতিটি তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০১ সালে হরিঢালি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয়। এখানে বর্তমানে ৫৬ জন শিক্ষক ও ৪০০ ছাত্রী আছে। ২০১২ সালের ২৫ মার্চ হরিঢািল-কপিলমুনি মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। ডিগ্রি পর্যায়ে উন্নীত হওয়ার পরই অধ্যক্ষ মেজবাহ উদ্দীন নিয়োগ-বাণিজ্য শুরু করেন। সেখানে একই পদে তিনি একাধিক শিক্ষক নিয়োগ দিয়েছেন।
হরিদাস কুমার মণ্ডল ও মো. ফারুক ইসলাম বলেন, নিরুপায় হয়ে তাঁরা টাকা দিয়েছেন। টাকা না দিলে তিনি (অধ্যক্ষ) ফাইলে সই করতে চাচ্ছিলেন না।
খুলনা-৬ সাংসদ নূরুল হকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও টাইম স্কেল অনুমোদন করার অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন। তিনি দাবি করেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি৷’