চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক-কর্মচারী নিয়োগ, জাতীয়করণের খরচের নামে তাঁদের কাছ থেকে চাঁদা উত্তোলন, সুইডেনপ্রবাসী একজনকে নিয়মিত শিক্ষক দেখিয়ে টাকা উত্তোলনসহ নানা অভিযোগ উঠেছে।
তবে অধ্যক্ষ নজরুল ইসলাম এসব অভিযোগকে একটি মহলের নেতিবাচক প্রচারণা হিসেবে দাবি করেছেন।
কলেজ সূত্রে জানা যায়, কলেজের দর্শন বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক ছয় মাসের ছুটি নিয়ে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর সুইডেনে যান। ২০১০ সালের ৩ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন এবং বকেয়া বেতন-ভাতার টাকা তুলে নেন। এরপর ২০১৩ সালের ২৬ মার্চ আবার সুইডেন যান এবং ২০১৪ সালের ২ মার্চ ফিরে আসেন। শেষ দফায় মাত্র ২৪ দিন আলমডাঙ্গায় অবস্থান করে ২৬ মার্চ আবার সুইডেন যান। বর্তমানেও তিনি সেখানে অবস্থান করছেন। তাঁর পাসপোর্ট যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজের হাজিরাখাতায় ২০১৫ সালের জুলাই পর্যন্ত আবদুর রাজ্জাকের উপস্থিতির সই রয়েছে। সুইডেনে থেকেও তিনি এখনো চাকরিতে বহাল রয়েছেন।
কয়েকজন শিক্ষক বলেন, নজরুল ইসলাম ২০০৭ সালের ১৪ জুন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর এ পর্যন্ত শিক্ষক পদে ৫০ জন, অফিস সহকারী পদে ১ জন এবং প্রধান সহকারী পদে ১ জনকে নিয়োগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ জন শিক্ষক এখন পর্যন্ত এমপিওভুক্ত হননি। এর মধ্যে ২০১৫ সালের ২২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত দেড় মাসেই কলেজ জাতীয়করণের কথা বলে অধ্যক্ষ নজরুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ৩৫ জন শিক্ষককে নিয়োগ দেন। তাঁদের মধ্যে ৩৩ জনেরই এখন পর্যন্ত চাকরি এমপিওভুক্ত হয়নি। ওই ঘটনায় মুসলিমা খাতুন, শারমিন আরা ও হাবিবুর রহমান নামের ৩ জন প্রভাষক এমপিওবঞ্চিত শিক্ষকদের পক্ষে গত ১৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, ‘জাতীয়করণের লক্ষ্যে নিয়োগে নিষেধাজ্ঞা থাকার পরও প্রায় ৩ কোটি টাকার নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে অধ্যক্ষ আমাদের নিয়োগ দেন।’ অধিদপ্তরের পরিদর্শক দল ওই নিয়োগকে অবৈধ বলে জানিয়েছে। দর্শন বিভাগের প্রভাষক ১০ বছর সুইডেনে থাকলেও তাঁর কাগজপত্র হালনাগাদ দেখিয়ে অধ্যক্ষ প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
কলেজটির সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সাইদুজ্জামান রহমানী বলেন, নজরুল ইসলাম আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০০৭ সালের ১৪ জুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এ ঘটনায় মামলা হয়। তাতে নজরুল ইসলামের নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়।
ওই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক রামদুলাল রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ২০০৯ সালের ২৭ জুলাই সরেজমিনে তদন্ত করে। তদন্ত শেষে ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দেয়। এতে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় অধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ প্রমাণিত। এ-সংক্রান্ত মামলা বিচারাধীন। তাই এ ক্ষেত্রে আদালত-প্রদত্ত রায় চূড়ান্ত বিবেচ্য।
নজরুল ইসলাম গতকাল বুধবার বলেন, সুইডেনপ্রবাসী আবদুর রাজ্জাক এখনো কলেজের শিক্ষক। উচ্চশিক্ষার জন্য ছয় মাসের ছুটি নিয়ে সেখানে যান। গভর্নিং বডি ২০১১ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত সভায় তাঁর ছুটি স্ববেতনে অনুমোদন করেছে। এরপরও তাঁর অনুপস্থিতির বিষয়ে অধ্যক্ষ পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি। তিনি দাবি করেন, আবদুর রাজ্জাকের বেতন-ভাতা অন্য কারও তোলার সুযোগ নেই। অধ্যক্ষ আরও বলেন, নিয়োগের জন্য কারও কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয়নি। জাতীয়করণের নামেও কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি।