অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত শুরু
দিনাজপুরের ঘোড়াঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১৬ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শুরু হয়েছে। গত বুধবার দুর্নীতি দমন কমিশন ওই তদন্তের কাজ শুরু করে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম শিক্ষার্থীদের মাসিক বেতন, কলেজের পুকুর ইজারার অর্থ ও গাছ বিক্রি করে পাওয়া মোট ১৬ লাখ ৩৫ হাজার ৮৯৫ টাকা কলেজের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান বাদী হয়ে গত বছরের ২ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। বিচারক দুদকের দিনাজপুর জেলা কার্যালয়কে এ মামলার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল করিম জানান, বুধবার এ মামলার বিষয়ে অভিযোগকারী শিক্ষক প্রতিনিধি ও ঘটনার বিষয়ে অবগত সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করা হয়। এ ছাড়া এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য-সংবলিত কাগজপত্র নেওয়া হয়।
মনিরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, তিনি অধ্যক্ষ হিসেবে যোগদানের পর কলেজটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এতে কতিপয় ব্যক্তির স্বার্থে আঘাত লেগেছে। কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মামলা মোকাবিলা করা হবে।