অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অধ্যক্ষ দাবি করেন, কিছুসংখ্যক শিক্ষক তাঁকে দিয়ে অন্যায় কাজ করাতে না পেরে মিথ্যা অভিযোগ তুলেছেন।
ওই কলেজের ২৭ জন শিক্ষক কলেজ পরিচালনা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে ওই সব অভিযোগ এনে স্মারকলিপি দিয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি স্মারকলিপি দেওয়া হলেও দুই মাসেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি।
স্মারকলিপিতে অধ্যক্ষের বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিগ্রি শ্রেণিতে ভর্তির খুদেবার্তা ও ভর্তি ফরম বিক্রি বাবদ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত ১ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা আদায় করে আত্মসাৎ করা, অনার্স শাখার আদায় করা টাকা ব্যক্তিগত হিসাবে জমা রাখা এবং ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধনের নামে ৭০ হাজার টাকা আত্মসাৎ করা।
অভিযোগে আরও রয়েছে কলেজের প্রশংসাপত্র ও নম্বরপত্র বিতরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ করে টাকা গ্রহণ করে তহবিলে জমা না দেওয়া। ২০১৫ সালে ডিগ্রি ক্লাসের ছাত্রীদের উপবৃত্তির চেক দেওয়ার জন্য ১৪ হাজার টাকা ও উপবৃত্তির ফরম গ্রহণে ১৭ হাজার ৫০০ টাকা আদায় করে আত্মসাৎ করা ইত্যাদি।
চার সদস্যের একটি নিরীক্ষা কমিটি ২০১৩ সালের ১ নভেম্বর থেকে ২০১৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অধ্যক্ষের কর্মকাণ্ড নিরীক্ষণ করে বিভিন্ন খাতে টাকা আত্মসাৎ করাসহ নানা অনিয়ম চিহ্নিত করে। ওই আপত্তি ওঠার পর গত ২ সেপ্টেম্বর অধ্যক্ষ ‘যে অডিট আপত্তি উঠেছে তাতে কিছু দফায় আংশিক ত্রুটি থাকতে পারে, ভবিষ্যতে এ ধরনের ত্রুটি হবে না বলে আশা করছি’ মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রমথ নাথ সরকার বলেন, অধ্যক্ষ কোনো নিয়মই মানেন না। আর্থিকসহ নানা অনিয়মে তিনি জড়িত।
অধ্যক্ষ আবুল হোসেন বলেন, ‘কিছু শিক্ষকের শিক্ষাগত সমস্যা আছে। কলেজটি সরকারি হওয়ার প্রাক্কালে তাঁরা আমাকে দিয়ে তাঁদের মান উন্নয়ন করার জন্য অনুমতি চেয়েছিলেন। তাঁদের দাবি নাকচ করে দিই। এ জন্য তাঁরা জোটবদ্ধ হয়ে অভিযোগ এনেছেন। ব্যাংকের দুটি হিসাবই যৌথ নামে চালানো হয়। সব টাকাই ব্যাংকে জমা রাখা হয়।’