অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ ধর্মঘটের হুমকিশিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানি, টিউটোরিয়ালে নম্বর দেওয়ার নামে শিক্ষার্থীর কাছ থেকে ঘুষ দাবি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ কারণে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে অধ্যক্ষের অপসারণ ও যথাযথ শাস্তির ব্যবস্থা না করা হলে অনির্দিষ্টকালের জন্য তারা ছাত্র ধর্মঘট ডাকবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কলেজের পাঁচটি বিষয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে ২ জুন একটি তদন্ত দল গঠন করেছেন।

গতকাল শনিবার সকালে ইনস্টিটিউটের ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মূল ফটকে তালা লাগিয়ে স্লোগান দিচ্ছে। অধ্যক্ষের বিচার দাবি করে ক্যাম্পাসে অসংখ্য পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মাসুদুর রহমান ২০১২ সালের জুনে এখানে যোগদানের পর বেশ কয়েকজন ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া একজন ছাত্রী এবং একজন সাবেক ছাত্রীকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাঁদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন।

কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন প্রাক্তন ছাত্রী প্রথম আলোকে বলে, ‘বাড়ি দূরবর্তী এলাকায় হওয়ায় অধ্যক্ষের কাছে আবেদন করে আমি কলেজের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে সিট পাই। সেখানে ওঠার পর অধ্যক্ষ ফোন করে এবং তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে বেশ কয়েকবার আমাকে রাতে অ্যাকাডেমিক ভবনের চারতলায় তাঁর কক্ষে যেতে বলেন। বাধ্য হয়ে বিষয়টি সহপাঠীদের বলি। এতে সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গত মার্চে অধ্যক্ষ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে কক্ষ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর আমি সিট ছেড়ে দিই এবং অন্য একটি কলেজে ভর্তি হই।’ আরও দুজন ছাত্রী অধ্যক্ষের বিরুদ্ধে একই অভিযোগ করেছে।

কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান অভিযোগ করে, অসুস্থতার কারণে টিউটোরিয়াল ক্লাসে সে উপস্থিত থাকতে পারেনি। এ জন্য চিকিৎসা সনদও জমা দিয়েছে। কিন্তু অধ্যক্ষ তার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অনেক অনুনয়-বিনয় করেও কোনো কাজ হয়নি। টাকা না দেওয়ায় এক বছরের জন্য তার শিক্ষাজীবন পিছিয়ে গেছে।

শিক্ষার্থী সুমন, ইমরান, আরিফ, রাহাত, সাজিদ, রাহাতসহ অনেকে অভিযোগ করে, অধ্যক্ষের এসব অনৈতিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি গত এক বছরে অন্তত ১০ জন শিক্ষার্থীকে অন্য ইনস্টিটিউটে বদলি করেছেন। এ ছাড়া কমপক্ষে ১৫ জন শিক্ষার্থীকে ফেল করিয়েছেন। অধ্যক্ষ মামলা করে তিনজন শিক্ষার্থীকে জেল খাটিয়েছেন এবং তাদের দূরবর্তী বিভিন্ন ইনস্টিটিউটে বদলি করেছেন। এতে তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অভিযোগ করে, ইনস্টিটিউটের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি হয়ে পড়েছে।

তদন্ত দলের সদস্য ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান সাইফুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত করছি। অভিযোগকারী এক ছাত্রী ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। তবে অধ্যক্ষের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ আছে এমন এক ছাত্রী ও এক খণ্ডকালীন শিক্ষিকা তদন্ত শুরু হওয়ার পর থেকে লাপাত্তা থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। তাঁদের মুঠোফোনও বন্ধ। আর অধ্যক্ষ শনিবার (গতকাল) অফিস করেননি। তিনি কোথায় আছেন তাও জানা নেই।’

এ ব্যাপারে বক্তব্য জানতে অধ্যক্ষের কাছে গতকাল বেশ কয়েকবার ফোন করলেও তিনি তা ধরেননি। তবে ১ জুন অভিযোগের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষার্থীরা আমার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।’