শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষককে হয়রানির অভিযোগ, তদন্ত শুরু
ঢাকার শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহেদ আলীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই নারী শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর এ নিয়ে তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তদন্তের অংশ হিসেবে শুনানির জন্য ২৭ জুলাই অভিযুক্ত অধ্যক্ষকে ডেকেছে তদন্ত কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ে এই শুনানি অনুষ্ঠিত হবে।
অবশ্য অভিযুক্ত অধ্যক্ষ শাহেদ আলীর প্রথম আলোকে বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একাডেমিক কাজ ঠিকমতো না করায় ওই নারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
জানা গেছে, অভিযোগকারী শিক্ষিকা গত ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ করেন। তাতে অভিযোগকারী নারী শিক্ষক বলেন, ২০১৬ সালে অধ্যক্ষ শাহেদ আলী প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর থেকে চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করার প্রলোভন দেখিয়ে তাঁর (অধ্যক্ষ) দলে টানার চেষ্টা চালাতে থাকেন। অধ্যক্ষ নিজে এবং তাঁর কয়েকজন অনুসারী প্রভাষকের মাধ্যমে বিভিন্নভাবে অধ্যক্ষের ‘মনের গোপন অভিব্যক্তি’ প্রকাশ করার চেষ্টা করেন। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ও ভারত ভ্রমণের প্রস্তাবও দেন। কিন্তু এই প্রস্তাব তিনি (নারী শিক্ষক) কৌশলে এড়িয়ে যান। এরপর থেকে অধ্যক্ষ ও তাঁর অনুসারী প্রভাষকেরা প্রশাসনিকভাবে ফাঁদে ফেলানোর চেষ্টা করতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে তাঁকে প্রতিদিন একটানা প্রথম তিনটি পিরিয়ড ক্লাস (প্রতি ক্লাস ৪৫ মিনিট) দেওয়া হতো। আরও ক্লাস দেওয়া হতো কলেজের নির্ধারিত সময়ের শেষ দিকে। অসুস্থতার জন্য ছুটি চাইলেও দেওয়া হতো না। পক্ষান্তরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথাও বলতেন অধ্যক্ষ।
অভিযোগপত্রে ওই নারী শিক্ষক বলেন, এ রকম অবস্থায় তিনি মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। তাতে তাঁর এক সন্তানও অসুস্থ হয়ে পড়ে। সন্তানের চিকিৎসার জন্যও অধ্যক্ষ ছুটি দিতে অনীহা প্রকাশ করেন। মেয়েকে নিয়ে চিকিৎসক ও হাসপাতালে ছোটাছুটির মধ্যেই অধ্যক্ষ তাঁকে পরপর কয়েকটি কারণ দর্শানোর নোটিশ দেন। এতে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন। এ অবস্থায় অধ্যক্ষের এক অনুসারীর মাধ্যমের ডেকে নিয়ে অধ্যক্ষকে ‘সন্তুষ্ট’ রাখার সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়।
গত বছরের ৩ নভেম্বর তাঁকে মিথ্যা ও বানোয়াট কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন ওই নারী শিক্ষক। এ কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পর সেটি প্রত্যাহার করে তাঁদের মতো (অধ্যক্ষ ও অনুসারী) কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। অধ্যক্ষের এক অনুসারী প্রভাষক এই বলেও হুমকি দেন যে ‘আপনার দুই মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে অধ্যক্ষ স্যারের ডাকে সাড়া দেন, তাঁর কথামতো চলেন, না হলে এভাবে পেরেশানিতে থাকতে থাকতে আপনার বড় কোনো ক্ষতি হতে পারে।’
এ ছাড়া বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) নম্বর কম দেওয়া ও বিরূপ মন্তব্য দিয়ে চাকরি নিয়মিত করার কাজে বাধা সৃষ্টি এবং চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। দুই পৃষ্ঠার অভিযোগপত্রে ওই নারী শিক্ষক বিভিন্ন হয়রানির বর্ণনা তুলে ধরেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের দপ্তর গত মার্চে এই অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। গত ১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-২) মো. এনামুল হক হাওলাদারকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ২৮ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়, এ বিষয়ে ২৭ জুলাই এ অভিযোগ তদন্ত করার জন্য ২৭ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।
তদন্ত কমিটির সদস্য মো. এনামুল হক হাওলাদার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্তের জন্য এখন তাঁরা শুনানি করবেন।