শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে কলেজে ভর্তির অভিযোগ
অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ডকে চিঠি
নাটোরের বাগাতিপাড়ায় পৌর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের বিরুদ্ধে চার শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে একাদশ শ্রেণিতে ভর্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভর্তি বাতিল করে শিক্ষার্থীদের পছন্দমতো কলেজে ভর্তির সুযোগ দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন ইউএনও।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ওই কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলার সময় অধ্যক্ষ আনোয়ার হোসেন চার শিক্ষার্থী বন্যা খাতুন, তানিয়া খাতুন, শারমিনা বানু ও জান্নাতুল ফেরদৌসের বাড়িতে গিয়ে কৌশলে তাদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর জেনে নেন। এরপর শিক্ষার্থীদের হয়ে নিজেই অনলাইনে ভর্তির আবেদন করেন। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের কলেজে ভর্তির আবেদন করতে গিয়ে ঘটনাটি জানতে পারে। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বললেও তিনি ভর্তি বাতিল করতে গড়িমসি করেন। বিষয়টি সুরাহা করতে ১২ জুলাই তিন শিক্ষার্থী ও ১৭ জুলাই অপর শিক্ষার্থী লিখিতভাবে ইউএনও বরাবর দরখাস্ত দেয়। পরে ইউএনও লিয়াকত আলী সেখ দ্রুত ওই চার শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে নির্দেশ দেন অধ্যক্ষকে। কিন্তু অধ্যক্ষ আনোয়ার ভর্তি বাতিল না করে টালবাহানা শুরু করেন। এর আগেও এই অধ্যক্ষ নানা ধরনের জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থীদের নিজ কলেজে ভর্তি করিয়েছেন।
এদিকে ভর্তি কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ছাত্রজীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। অন্যদিকে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই কলেজ থেকে জিপিএ-৫ না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা এক ছাত্রী অভিযোগ করেন, ফরম পূরণের সময় তাঁর কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা দাবি করেছিলের অধ্যক্ষ। তিনি পুরো টাকা দিতে না পারায় ব্যবহারিক পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ায় তাঁর জিপিএ-৫ হয়নি।
এসব বিষয় তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক শাহিনা খাতুন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর চিঠি দিয়েছেন ইউএনও লিয়াকত। জেলা প্রশাসক শাহিনা খাতুন চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।
তবে অধ্যক্ষ আনোয়ার বলেন, তিনি কোনো ছাত্রীকে ভর্তি করেননি, ভর্তি কমিটি তাদের ভর্তি করিয়ে থাকতে পারে। আর আত্মহত্যার চেষ্টা করা ছাত্রীকে তিনি বিনা বেতনে পড়ালেখা করিয়েছেন। তাই ফরম পূরণের সময় তাঁর কাছে ২ হাজার ৬০০ টাকা দাবির প্রশ্নই ওঠে না।