অধ্যক্ষের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের বিরুদ্ধে ক্যাম্পাসের শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে।
অভিযোগ অস্বীকার করে মিহির রঞ্জন দাস বলেন, ‘কলেজের সৌন্দর্য বর্ধনের জন্য মরে যাওয়া কয়েকটি গাছ কাটানো হয়েছে। শতাধিক গাছ কাটার অভিযোগ গুজব।’
কলেজের প্রাক্তন ছাত্র জুবের সরদারসহ অন্তত ১০-১২ জন শিক্ষার্থী জানান, তিন বছর আগেও ক্যাম্পাসে ১৫০ থেকে ২০০ গাছ ছিল। নতুন অধ্যক্ষ এসে তিন বছরেই এসব গাছ কেটে সাবাড় করে দিয়েছেন। এখন ১০-১৫টি গাছ আছে, সেগুলোও কাটার পাঁয়তারা চলছে।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘আমি ৩০ বছর একটানা অধ্যক্ষের দায়িত্ব পালনকালে প্রচুর গাছ লাগিয়ে ক্যাম্পাসকে সবুজে রূপান্তরিত করেছিলাম। আজ নির্বিচারে গাছ কাটার কথা শুনে খুবই খারাপ লাগছে।’
কলেজ রোডের বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘হারাজীবন দেখছি শিক্ষিত মাইনষে গাছ লাগাইন, তারা গাছ কাটতে নিষেধ খরইন। এখন দেখছি প্রিন্সিপাল নিজেই কলেজের হখল গাছ খাটিলারা।’
কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ চৌধুরী বলেন, ‘অধ্যক্ষ এক মন্ত্রীর ক্ষমতাবলে এসব করে যাচ্ছেন। আমাদের মতামতের কোনো তোয়াক্কা করেন না। গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। কমিটিতে আছি শুধু নামেই।’ প্রায় একই ধরনের কথা বলেন কমিটির আরেক সদস্য মুখলেছুর রহমান।
সহকারী অধ্যাপক বিমান চন্দ্র চৌধুরী বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়েই কলেজের আসবাবপত্র, বিশেষ করে বেঞ্চ তৈরির জন্য গাছ কাটা হয়েছে। তা ছাড়া নতুন ভবন তৈরির সময় ২০ থেকে ৩০টি গাছ কাটা হয়েছে।