অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিদ্যালয়ে রেখে দেওয়ায় সিলেট ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বুধবার মামলাটি করে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মির্জা কামরুল বাশার। বিচারক হাসান মাহমুদ গতকালই মামলাটি নথিভুক্ত করে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অধ্যক্ষকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আরজিতে বাদী উল্লেখ করে, বর্তমানে সে (বাদী) সিলেট এমসি কলেজের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। ২০১১ সালের ২৬ থেকে ২৮ মে পর্যন্ত ঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় (৩২তম) অংশ নিয়ে সে দ্বিতীয় পুরস্কার লাভ করে। পুরস্কারের ক্রেস্ট ও সনদ সে বিদ্যালয়ে (ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ) দেখাতে নিয়ে যায়। অধ্যক্ষ হোসনে আরা বেগম ওই ক্রেস্ট রেখে দিয়ে তাকে সংবর্ধনা দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট হস্তান্তর করার কথা জানান। কিন্তু প্রায় দেড় বছর হলেও তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে না। বাদী ও তার অভিভাবকেরা যোগাযোগ করলে ‘ক্রেস্টটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন’ জানিয়ে ফেরত দেওয়ার বিষয়টি অস্বীকার করেন অধ্যক্ষ। বাদী মির্জা কামরুল জানায়, বিজ্ঞান মেলায় সে ব্যক্তিগতভাবে অংশ নিয়েছে। জেলা প্রশাসন থেকে সরাসরি তার নামে চিঠি দেওয়ার পর ওই চিঠি নিয়ে সে মেলায় অংশ নেয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে পাওয়া সনদ এবং ওই ক্রেস্ট তার নামে দেওয়া হয়েছে। অধ্যক্ষ কৌশলে শিক্ষার্থীর নামের ক্রেস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে রেখে দিয়েছেন। যোগাযোগ করলে অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খরচে প্রাতিষ্ঠানিকভাবে তাকে (মির্জা কামরুল বাশার) জাতীয় বিজ্ঞান মেলায় পাঠানো হয়েছিল। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের নামে অংশ নিয়ে এ ক্রেস্ট এসেছে, সেহেতু এটা শিক্ষাপ্রতিষ্ঠানেই থাকবে। এ নিয়ে মামলা করার বিষয়টি বরং বিসঞ্চয়ের।