ঢাকার কেরানীগঞ্জে শৌচাগার থেকে মাদ্রাসাছাত্র মো. হীরার (১১) লাশ উদ্ধারের ঘটনার তিন দিন পর হত্যা মামলা নিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।
মামলায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী নদীধারা এলাকার জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গত সোমবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. জামাল উদ্দিন মীর বলেন, আদালত রিমান্ড শুনানির জন্য কাল বুধবার দিন ধার্য করেছেন। পরে আদালতের নির্দেশে আবুল কালাম আজাদকে জেলহাজতে পাঠানো হয়।
হীরা নারায়ণগঞ্জের ফতুল্লার মো. বোরহান মোড়ল ও পেয়ারা বেগমের ছেলে। তাঁরা দুজনই বাহরাইনে কাজ করতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে হীরা ছিল সবার ছোট। বোনদের বিয়ে হওয়ায় হীরা কেরানীগঞ্জে অমৃতপুর এলাকায় নানির কাছে থাকত এবং জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ত।
বৃহস্পতিবার সকালে আবুল কালাম আজাদের ব্যক্তিগত শৌচাগারে হীরার মৃতদেহ পাওয়া যায়। এদিকে হীরার মৃত্যুর খবর শুনে শুক্রবারই দেশে ফিরে আসেন তার মা-বাবা। ওই দিন বিকেলে ময়নাতদন্ত শেষে কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকার কবরস্থানে লাশ দাফন করা হয়।
হীরার বাবা বোরহান অভিযোগ করেন, পুলিশ প্রথমে হত্যা মামলা নিতে চায়নি। তবে ওসি জামাল উদ্দিন বলেন, পুলিশ অপমৃত্যুর মামলা নিতে চাপ দেয়নি, বরং নিহতের পরিবারের লোকজন হত্যা মামলা করতে গরিমসি করছিলেন।