অধ্যক্ষের সঙ্গে অশোভন আচরণকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার আর এস আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলসান আরা বেগমের সঙ্গে অশোভন আচরণকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার প্রতিবাদ ও মতবিনিময় সভা হয়েছে। কলেজ মিলনায়তনে এই প্রতিবাদ সভায় ১৫টি সংগঠনের নেতাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে দুপুর একটায় সভা শুরু হয়। এতে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ শাখার সভানেত্রী সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, উইমেন্স চেম্বার অব কমার্সের সভানেত্রী নায্মুন নাহার, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুর্বার মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা হায়দার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে আলম, মঞ্জু মিয়া ও আমিনুল হককে গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, অনশন, মানববন্ধন ও কালো ব্যাজ ধারণসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, উচ্চ দরে কলেজের মাঠ ভরানোর কাজ না পেয়ে গোলসান আরা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আলম, মঞ্জু মিয়া ও আমিনুল হক। এ ঘটনায় গোলসান আরা বাদী হয়ে মামলা করেন।