অধ্যক্ষের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদরে আরএস আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলসান আরা বেগমের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। কলেজের মাঠে মাটি ভরাটের কাজ না পেয়ে কয়েকজন ব্যক্তি তাঁর সঙ্গে এ রকম আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গতকাল রোববার অধ্যক্ষ গোলসান আরা বেগম চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে মো. আলম, মঞ্জু মিয়া ও আমিনুল হক নামের তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।কিশোরগঞ্জ মানবাধিকার ফোরামের সভানেত্রী সানজিদা খাতুন ও উইমেন চেম্বারের সভাপতি নায্মুন নাহারসহ একাধিক নারী নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, অধ্যক্ষকে অপদস্থ করার প্রতিবাদে গতকাল শতাধিক নারী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শাহ কামাল বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, কলেজের মাঠের নিচু অংশ ভরাট করতে ১০০ ট্রাক মাটি সরবরাহের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের ডাকা হয়। বৃহস্পতিবার কালটিয়া গ্রামের মো. আলম প্রতি ট্রাক ৩০০ টাকা দরে এবং একই গ্রামের আবু সাদাত মাসুম ২৫০ টাকা দরে মাটি ভরাটের প্রস্তাব দেন। পরে অধ্যক্ষ সর্বনিম্ন দরদাতা মাসুম মিয়াকে রোববার থেকে মাটি ভরাটের নির্দেশ দেন।শুক্রবার কলেজের পিয়ন আহসান উল্লাহকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ গোলসান আরা বেগম শহরের নগুয়ার বাসা থেকে বিন্নাটী ইউনিয়নের বৃন্দাগড় গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আহসান উল্লাহ জানান, কালটিয়া বাজারের সামনে অধ্যক্ষকে পেয়ে মো. আলম, মঞ্জু মিয়া ও আমিনুল হক গালাগাল করেন। কাজ না দিলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলেও তাঁরা হুমকি দেন। এ সময় বাজারের লোকজন গিয়ে তাঁদের বাধা দেন। আতঙ্কগ্রস্ত অধ্যক্ষ একটি রিকশায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।অধ্যক্ষ গোলসান আরা বেগম বলেন, ‘আমার জীবনে এমন ঘটনা ঘটেনি। তারা মাটির কাজ নিয়ে যেভাবে মানুষের সামনে অশোভন আচরণসহ চাঁদা দাবির সাহস দেখিয়েছে, তা রীতিমতো বিস্ময়কর।’