ঘটা করে অধ্যক্ষের বিদায় অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ। এ জন্য ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা। কলেজ সূত্র এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, কলেজের বিভিন্ন বরাদ্দ থেকে ২০ শতাংশ হারে টাকা কেটে নেওয়া হবে এ ব্যয় মেটানোর জন্য। অভিযোগ রয়েছে, অধ্যক্ষের সম্মতি ও ইচ্ছাতে শিক্ষক পরিষদ এ ধরনের আনুষ্ঠানিকতার পরিকল্পনা নিয়েছে।
৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিদায় সংবর্ধনার দিন ধার্য করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে তিনি অবসরে যাচ্ছেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর বিধি ৭ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী তাঁর সম্মানে কোনো সভা অথবা কেবলমাত্র তাঁকে প্রশংসা করার উদ্দেশ্যে কোনো বক্তৃতা অথবা তাঁর সম্মানে কোনো আপ্যায়ন অনুষ্ঠান সংঘটনে উৎসাহ প্রদান করতে পারবেন না। সরকারের সাধারণ বা বিশেষ আদেশের বিধান সাপেক্ষে কোনো সরকারি কর্মচারীর চাকরি ত্যাগ, চাকরি থেকে অবসর গ্রহণ বা বদলিজনিত কারণে কর্মস্থল ত্যাগের প্রাক্কালে উক্ত কর্মচারীর নিজের অথবা অন্য কোনো কর্মচারীর সম্মানে অনুষ্ঠিত সম্পূর্ণ ব্যক্তিগত এবং অনানুষ্ঠানিক সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন।
কলেজ সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি দুপুরে শিক্ষক পরিষদের সভায় বিদায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ সাহিদা আকতার। সভায় এভাবে বিধিবহির্ভূত বিদায় অনুষ্ঠানের আয়োজন নিয়ে শিক্ষকদের কেউ কেউ দ্বিমত পোষণ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের আপত্তি টেকেনি।
সূত্র জানায়, বিদায় অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে কলেজ ভবনে আলোকসজ্জা, অধ্যক্ষকে উপহার প্রদান, বিভিন্ন কলেজের শিক্ষক-কর্মচারীদের আপ্যায়ন প্রভৃতি। সভায় দেড় লাখ টাকার বাজেটের টাকা জোগাতে কলেজের কিছু নির্ধারিত বরাদ্দ থেকে ২০ শতাংশ হারে কেটে রাখার সিদ্ধান্ত হয়। এসব বরাদ্দের মধ্যে রয়েছে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ, আন্তক্রীড়া, মিলাদ মাহফিল ও বার্ষিক বহিঃক্রীড়ার বরাদ্দ।
এ প্রসঙ্গে ইংরেজি বিভাগের প্রধান আফরোজা বেগম বলেন, ‘দেড় লাখ টাকার বিদায় অনুষ্ঠানে আলোকসজ্জা, অতিথি আপ্যায়নের পাশাপাশি অধ্যক্ষকে ১০ হাজার টাকার স্যুট এবং তাঁর স্ত্রীকে শালসহ বিভিন্ন উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অধ্যক্ষের বিদায়ের আগেই ৬ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা-সাংস্কৃতিক সপ্তাহের অনুষ্ঠান, আন্তক্রীড়া, বহিঃক্রীড়াসহ বিভিন্ন অনুষ্ঠান শেষ করে ২০ শতাংশ করে টাকা কেটে নেওয়া হচ্ছে।’
কলেজের বাংলা বিভাগের শিক্ষক অরূপ কুমার বড়ুয়া বলেন, ‘অধ্যক্ষ মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলব, কলেজ তহবিলের বরাদ্দ কেটে জমজমাট বিদায় সংবর্ধনার আয়োজন শিক্ষক হিসেবে আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। আমি শিক্ষক পরিষদের সভায়ও সবিনয়ে এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছি।’
বিদায়ের আনুষ্ঠানিকতা বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আবদুল মোনায়েম বলেন, ‘এসব বিষয়ে আমি কিছুই জানি না। এগুলো শিক্ষক পরিষদের সিদ্ধান্ত।’ দেড় লাখ টাকা খরচের বিষয়টি কারা বলেছেন—এ কথা জানতে চেয়ে তিনি বলেন, ‘আমি এ কলেজে আসার পরে বেশ কিছু গুণগত পরিবর্তন করেছি। এতে যাদের স্বার্থহানি ঘটেছে, এসব কথাবার্তা তাদেরই অপপ্রচার।’