অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। দুবেলা খাবার জুটেনি। সংসারের খরচ জোগাতে সিরাজগঞ্জের হাবিব সানি দিনমজুরি আর কুড়িগ্রামের লাবণী আখতার করেছে বিড়ি বানানোর কাজ। লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল ওদের। তাই তো শুধু অধ্যবসায় ও ইচ্ছাশক্তির জোরে ওরা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
প্রসঙ্গত, জিপিএ-৫ পাওয়া এমন মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেবে।
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়াপাড়া গ্রামের সানোয়ার হোসেন। তাই তাঁর ছেলে মো. হাবিব সানিকে সংসারের খরচ জোগাড় করার জন্য অপরের জমিতে দিনমজুরির কাজ করতে হয়েছে। বিদ্যালয় শুরু ও ছুটি হওয়ার আগে ও পরে সে কাজ করত এবং রাতের বেলা লেখাপড়া করত। এভাবে সে এবার উপজেলার ঠুটিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। যমুনার ভাঙনে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় সানি তার মাকে নিয়ে উপজেলার পাথারিয়া গ্রামে কৈজুড়ি সড়কের পাশে একটি ছাপরাঘরে বাস করে। সে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
লেখাপড়ার খরচ জোগাতে বিড়ি তৈরির কাজ করেছে লাবণী আখতার। সে এবার কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। লাবণীর বাবা জহুর আলী দৃষ্টিপ্রতিবন্ধী। মা জাহানারা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। তাঁদের বাড়ি কুড়িগ্রাম পৌরসভার পুরোনো স্টেশনপাড়ার বস্তিতে। লাবণী জানায়, বস্তির ঘরে বিদ্যুৎ ছিল না। কুপি বাতির আলোয় পড়তে হয়েছে। ভালো কাপড় পরতে পারেনি। প্রায়ই না খেয়ে বিদ্যালয়ে গেছে। প্রধান শিক্ষক হাজেরা বেগম জানান, মেয়েটি খুব গরিব। সহায়তা পেলে ভবিষ্যতে সে আরও ভালো করতে পারবে।