
দুবেলা পেট পুরে খেতে পারেনি ওরা। থেকেছে জীর্ণ ঘরে। কয়েকজনের ঘরে বিদ্যুৎ ছিল না। কুপি বাতির আলো ছিল সম্বল৷ কেউ দিনের বেলায় প্রচণ্ড খাটুনি খেটে রাতে পড়েছে। জীবনের পরতে পরতে ছিল বাধাবিপত্তি। এসব বাধা উপেক্ষা করে শুধু অধ্যবসায়ের জোরে ওরা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আজ শুনব এমন চার কৃতী শিক্ষার্থীর গল্প:
শিক্ষক হতে চায় সনদ চন্দ্র: সনদ চন্দ্র রায়দের বাড়ি নীলফামারীর জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে। জলঢাকা উপজেলার কালকেউট গ্রামে। তার বাবা লাল বাবু চন্দ্র রায় দিনমজুর। সংসারে তীব্র অভাব। তাই সনদ যখন নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পায়, তখন তিনি খুশি হতে পারেননি। যেখানে দুবেলা দুমুঠো খাবারই সন্তানদের মুখে তুলে দিতে পারেন না, সেখানে পড়ালেখা করাবেন কীভাবে। তাই একদিন ছেলেকে ডেকে বলেছিলেন, ‘তোকে আর পড়তে হবে না। তুই কাজকাম কর। আমি পড়ার খরচ দিতে পারব না। কিন্তু সে আমার কথা না শুনে নিজের চেষ্টাতে সেখানে ভর্তি হয়।’
উদ্যমী সনদ একটি নদী পার হয়ে ও ২০ কিলোমিটার পথ মারিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। দিনমজুরি করে লেখাপড়া করেছে সে। ঘরে বিদ্যুৎ না থাকায় কুপির বাতির আলোয় পড়তে হয়েছে। এভাবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সে এবার মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সনদ বলে, ‘আমি ভালো কলেজে লেখাপড়া করে একজন আদর্শ শিক্ষক হতে চাই।’
সেলাইয়ের কাজ করে পড়ত শারমিন: ছয় ভাইবোনের মধ্যে বড় শারমিন আক্তার। ওদের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। তার বাবা মো. শাহ আলম একজন দরজি। মা গৃহিণী। কাপড় সেলাইয়ের আয় দিয়ে ছয় সন্তানের লেখাপড়া পড়ার খরচ চালাতে পারছিলেন না তিনি। উপরন্তু ওই আয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছিল তাঁর। এ অবস্থায় বড় সন্তান হিসেবে শারমিন বাড়িতে বসে কাপড় সেলাইয়ের কাজ করত। এই কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া চালিয়ে গেছে। সে এবার তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দািরদ্র্যের কারণে লেখাপড়া করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে শারমিন। শারমিন বলে, ‘কলেজে ভর্তি হতে না পারলে বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য কাজ করার স্বপ্ন দেখি।’
দিনমজুরি করত শান্ত: ছেলেটির নাম শান্ত শব্দকর। নামের সঙ্গে তার আচার-আচরণেও রয়েছে অনেক মিল। তার বাবা ইরেশ শব্দকর দিনমজুর। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। সংসারের খরচ মেটাতে বাবার সঙ্গে দিনমজুরি করেছে সে। সারা দিন হাড়ভাঙা খাটুনি খেটে রাতে করত লেখাপড়া। সে এবার মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও মেধাবৃত্তি পেয়েছিল। শান্তদের বাড়ি কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামে। মা-বাবা ও চার ভাইয়ের সঙ্গে একটি ঝুপড়িতে বাস করে। শান্ত ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
অভাবজয়ী সুইটি: বাবা মনিন্দ্র চন্দ্র মোদক একটি ফলের দোকানে কাজ করেন। বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ গ্রামে। দারিদ্র্যের কারণে সাতজনের সংসার চালাতে হিমশিম খান তিনি। তাই অর্ধাহারে-অনাহারে থাকতে হয় সুইটি, তার তিন বোন ও এক ভাইকে। এত অভাবের মধ্যেও সুইটির লেখাপড়া প্রতি আগ্রহ দেখে তাঁর ফুফু অর্চনা রানী তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি তাকে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ে ভর্তি করান। নিজের চেষ্টা ও শিক্ষকদের সহায়তায় লেখাপড়া চালিয়ে গেছে সুইটি। সে এবার ওই বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম বলেন, পড়ার প্রতি মেয়েটির অনেক আগ্রহ। অনেক দিন সে বিদ্যালয়ে এসেছে না খেয়ে। মেয়েটি প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে হাজারো প্রতিকূলতার মাঝেও সফল হওয়া যায়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন শহীদুল ইসলাম, পঞ্চগড়; মীর মাহমুদুল হাসান, নীলফামারী; মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার); শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি]