অধ্যাপক আনিসুজ্জামান সাহিত্য-শিক্ষার বাতিঘর

১৮ ফেব্রুয়ারি ছিল ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসা অনুজ অনুরাগীরা তাঁকে সাহিত্য এবং শিক্ষার বাতিঘর উল্লেখ করে জাতীয় অধ্যাপক ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুজ্জামানের অগ্রজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আনিসুজ্জামান আমাদের সাহিত্যের বাতিঘর, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে সে বিবেকেরও বাতিঘর।’ তিনি বলেন, ‘আনিস আমার স্নেহাস্পদ, জন্মদিনের এ আয়োজনে ভালোবাসা যত না জানাব, তার চেয়েও বেশি তাঁকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করব।’
প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনিসুজ্জামান বলেন, ‘আমি নিজেকে মূলত শিক্ষক মনে করি। শিক্ষকতায় যে আনন্দ পেয়েছি, মর্যাদা পেয়েছি, সেটা আমার জীবনকে পরিপূর্ণ করেছে। দেশের মানুষের ভালোবাসায় আমি বাড়তি আয়ুও পেয়েছি। এই বাড়তি সময়টা যেন আমি ঠিকমতো কাজে লাগাতে পারি, সে জন্য প্রার্থনা করবেন।’
নিখাদ শ্রদ্ধা ও হৃদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশকদের দুটি সংগঠন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
শুভেচ্ছা বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সরকারের কাছে আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণার দাবি জানান।
কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে চিত্রশিল্পী হাশেম খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, অধ্যাপক শফি আহমদ, গবেষক মোনায়েম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন।
আয়োজকের পক্ষে শুভেচ্ছা জানান মো. আরিফ হোসেন এবং মাজহারুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান। অনুষ্ঠানে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সরকারি কর্ম কমিশনের সচিব আক্তারী মমতাজ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, জাদুশিল্পী জুয়েল আইচ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, অনুপম প্রকাশনীর মিলন কান্তিনাথ, কথা প্রকাশের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন, অনিন্দ্য প্রকাশের প্রধান নির্বাহী আফজাল হোসেন প্রমুখ।
রবীন্দ্রনাথের ‘তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ’ ও ‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’ এবং নজরুলের ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ ও ‘আমার কোন কূলে আজ ভিড়ল তরী,’ গানগুলো শুনিয়ে শুরুতে অনুষ্ঠানের সুন্দর আবহ তৈরি করেন উর্বী সোম ও আঁখি হালদার।