অধ্যাপক আনু মুহাম্মদের যোগ্যতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনু মুহাম্মদ। ছবি সংগৃহীত
আনু মুহাম্মদ। ছবি সংগৃহীত

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনরত তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি।

এ কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলা হয়। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি খন্দকার আজিজুর রহমান অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদের নাম উল্লেখ করে বলেন, ‘উনি ইঞ্জিনিয়ারও (প্রকৌশলী) না, বিদ্যুৎকেন্দ্র দেখেনও নাই, চালানও নাই। উনি কিসের বিশেষজ্ঞ? উনি কি পরিবেশ বিশেষজ্ঞ? উনি কি পাওয়ার প্ল্যান্ট (বিদ্যুৎকেন্দ্র) বিশেষজ্ঞ? হতে পারেন ইউনিভার্সিটির শিক্ষক।’

আজিজুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক একটি প্রকল্প। এ প্রকল্পের দ্বারা সুন্দরবন ও সংলগ্ন এলাকার মাটি, পানি, বায়ু ও প্রাণবৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। এটি একটি শতভাগ পরিবেশবান্ধব প্রকল্প। কিন্তু কিছু লোক এই প্রকল্প সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তাতে অনেকেই ঈর্ষান্বিত। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার আগেই যারা এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পেয়েছিলেন, তাঁরাই আবার এখন পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে চাইছেন। সরকার সবদিক গভীরভাবে বিবেচনা করেই রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। যাঁরা এ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, তাঁরা একদিন এ জন্য মানুষের কাছে জবাবদিহি করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো উন্নয়নকাজ আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ শুরু হবে। শুধু এই প্রকল্প ঘিরেই আগামী কয়েক বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার উন্নয়নকাজ হবে, যা এই এলাকার মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।
অপর এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, এখানকার উৎপাদিত বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য অনেক কিছুর ওপর নির্ভর করে কম-বেশি হতে পারে। তবে প্রকল্প প্রস্তাবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছিল সাত-আট টাকা। এখন বিশ্ববাজারে তেল ও কয়লার দাম পড়ে যাওয়ায় তা কমে এসেছে।
আয়োজকেরা আরও জানান, এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে অতি উন্নত মানের কয়লা আমদানি করা হবে। সর্বোচ্চ নিরাপত্তার ভেতর দিয়ে তা পরিবহন করা হবে। এ জন্য সুন্দরবনের ভেতরে পৃথক কোনো জলপথ ব্যবহার করা হবে না। দীর্ঘ ষাট বছর ধরে মোংলা বন্দরে যে পথে জাহাজ আগমন-নির্গমন হয়, সেই পথেই অর্থাৎ ফেয়ারওয়ে বয়া থেকে পশুর নদ দিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে কয়লা আনা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকত আলী বাদশা, বিআইএফপিসিএলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইন্দ্রজিৎ বসাক, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নরেন্দ্র লোধ প্রমুখ।