অধ্যাপক ইউনুস হত্যা: পুনর্বিচারে সাজা কমল ২ জঙ্গির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুস হত্যা মামলার পুনর্বিচারের রায়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শীর্ষ জঙ্গি সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের জামাতা শহিদুল্লাহ মাহাবুব। তার বাড়ি নওগাঁ জেলার সদর থানার সারকডাঙ্গা গ্রামে। অপরজন হলেন শফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম। তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানার ইটাগাছা গ্রামে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌশলী এনতাজুল হক প্রথম আলোকে বলেন, ২০১০ সালে ২৮ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার সময় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মঞ্জুরুল বাছেদ এ রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ছয় আসামিকে তখন খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে আপিল করলে মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে পুনর্বিচারের আদেশ দেওয়া হয়। পুনর্বিচারে আগের ত্রুটি বিচ্যুতিগুলো বাছাই করে দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আগের বিচারের ত্রুটি কি ছিল জানতে চাইলে এনতাজুল হক প্রথম আলোকে বলেন, গাজীপুরের একটি মামলার এই দুই জঙ্গি স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই স্বীকারোক্তিতে অধ্যাপক ইউনুস হত্যার ব্যাপারে কথা বলেছিলেন। গাজীপুরের ওই মামলার স্বীকারোক্তির ফটোকপিকে ভিত্তি করে আগের বিচার কাজ করা হয়েছিল। কিন্তু আদালতে ফটোকপির কোনো মূল্য নেই। অনুলিপি ব্যবহারের বিধান রয়েছে। এ ছাড়া কয়েকজন সাক্ষী কম নেওয়া হয়েছিল। এবার পুনর্বিচারের সময় গাজীপুর থেকে স্বীকারোক্তির অনুলিপি আনা হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রথম রায় ঘোষণার সময় বিচারক সাক্ষ্যগ্রহণ ও আসামিদের মধ্যে দণ্ডপ্রাপ্ত দুই আসামির স্বীকারোক্তির বিষয় নিয়ে আইনের প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, এ ঘটনার চাক্ষুষ কোনো সাক্ষী ছিলেন না। যারা দেখেছেন তারা সবাই ঘটনার পরে সেখানে গেছেন। তাই শুধু দুই আসামির স্বীকারোক্তির ওপর নির্ভর করে রায় দেওয়া হয়েছে। তিনি এও বলেছিলেন, অনেক সময় স্বীকারোক্তি সাজানো হয়। তবে শহিদুল্লাহ মাহাবুবের স্বীকারোক্তি সম্পর্কে তিনি বলেছিলেন, তার বর্ণনার ধরন ও ঘটনার বিবরণ থেকে আদালতের কাছে এই স্বীকারোক্তি বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। এ ছাড়াও তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ফলে তাকে নির্যাতন করে নয়, তিনি যে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন এই প্রমাণ পাওয়া যায়। শফিউল্লাহ গাজীপুরে একটি মামলায় এই হত্যাকাণ্ডের যে স্বীকারোক্তি দিয়েছেন তার ফটোকপি পাওয়া গেছে। এটি সত্যায়িতও ছিল না। তবে যিনি এটি লিখেছেন তিনি এসে দেখার পরে এটা গ্রহণ করা হয়েছে।
২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন বিনোদপুর এলাকায় প্রাতর্ভ্রমণের সময় কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক ইউনুসকে। এ ঘটনায় অধ্যাপক ইউনুসের ভাই আবদুল হালিম বাদী হয়ে পরদিন ২৫ ডিসেম্বর নগরের মতিহার থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০০৫ সালের ৬ ফেব্রুয়ারি মামলার বাদী মারা যান। এ ঘটনায় ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন এই হত্যা মামলার নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নিম্ন আদালত ২০১০ সালের ২৮ জানুয়ারি মো. শহিদুল্লাহ ওরফে মাহবুব ও সাতক্ষীরার মো. শফিউল্লাহ ওরফে তারেক নামের জেএমবির দুই নেতাকে মৃত্যুদণ্ড দেন। অন্য ছয় আসামিকে খালাস দেন আদালত। এরপর আজ রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান পুনর্বিচারের রায়ে জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।