অধ্যাপক ইউনূসকে পিস্তোইয়া নগরের নাগরিকত্ব প্রদান

ইতালির প্রায় ১০০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী তুসকান নগরী পিস্তোইয়া শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নগরের সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। নগরের মেয়র গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে এই নাগরিকত্ব অর্পণ করেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা সৃষ্টির মধ্য দিয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে মানবতার সেবায় অবদানের জন্য ড. ইউনূসকে এই সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হলো।
অধ্যাপক ইউনূস এই সম্মানের জন্য পিস্তোইয়ার মেয়র ও নগরবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সুযোগ পেলে নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তিত করার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যেই আছে।
অনুষ্ঠানের পর অধ্যাপক ইউনূস নগরব্যাপী সামাজিক ব্যবসা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০০ উচ্চবিদ্যালয়ের ছাত্রের একটি সমাবেশে বক্তৃতা দেন। অনুষ্ঠানে পিস্তোইয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন ফাউন্ডেশনের প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, সামাজিক উদ্যোক্তাসহ প্রায় তিন শ উচ্চপদস্থ ব্যক্তি অংশ নেন। বিজ্ঞপ্তি।