অধ্যাপক এম আর খানের ৮৭তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আর খান (মোহাম্মদ রফি খান)
এম আর খান (মোহাম্মদ রফি খান)

আজ জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের (মোহাম্মদ রফি খান) ৮৭তম জন্মদিন। ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুর গ্রামের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম।
১৯৫২ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এম আর খান সাতক্ষীরার রসুলপুরে পেশা চর্চা শুরু করেন। তখন দূর-দূরান্ত থেকে গুরুতর অসুস্থ রোগীরা গরুর গাড়িতে করে এম আর খানের চেম্বারে আসত। অনেকে পথেই মারা যেত। দুর্দশা দূর করতে এম আর খান নিজেই সাইকেল চালিয়ে রোগীদের কাছে যেতে শুরু করেন।
সাতক্ষীরা থেকে একসময় এম আর খান খুলনায় চলে যান। সেখান থেকে যুক্তরাজ্যে। ডিটিএমঅ্যান্ডএইচ, ডিসিএইচের পর ১৯৬২ সালে তিনি এমআরসিপি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যে তাঁর শিক্ষক ও সহকর্মীরা তাঁকে সে দেশেই থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। তিনি সেই অনুরোধ রাখেননি। শিশুদের জন্য দেশে ফিরে আসেন। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে তাঁরই হাত ধরে শিশু বিভাগ যাত্রা শুরু করে। ১৯৮৮ সালে আইপিজিএমআরের (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) যুগ্ম পরিচালক ও শিশু অধ্যাপকের পদ থেকে অবসর নেন।
তারপর এম আর খান শিশুদের প্রয়োজনে হাসপাতাল গড়েছেন। বিভিন্ন বিষয়ে লিখেছেন। দেশের খ্যাতনামা বহু শিশু বিশেষজ্ঞ তাঁর ছাত্র। তাঁকে অনেকেই ‘গ্র্যান্ড টিচার’ বলে সম্বোধন করেন।
১৯৯৫ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক পদে ভূষিত করে। ২০০৯ সালে এম আর খান একুশে পদক লাভ করেন। আজ তাঁর ৮৮তম জন্মদিন উপলক্ষে তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।