অধ্যাপক গিয়াস সাময়িক বরখাস্ত, অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলি আর্টিজানে হামলায় জড়িত জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গিয়াস উদ্দিন, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। তিনি ও তাঁর সহযোগীরা হামলাকারীদের আশ্রয় ও সহায়তা করেছিলেন বলে পুলিশ অভিযোগ করেছে। একই অভিযোগে পশ্চিম শেওড়াপাড়ার তিনতলা ভবনের মালিক ও স্কুলশিক্ষক নুরুল ইসলাম গ্রেপ্তার হন। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন ও নুরুল ইসলাম জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ বলছে, গুলশানে হামলার আগে জঙ্গিরা বসুন্ধরা ও শেওড়াপাড়ায় অবস্থান করেছে। ওই হামলায় আরও কেউ জড়িত ছিল কি না বা তাদের মদদদাতা কে—এসব খুঁজে বের করতে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হলি আর্টিজানে হামলায় নিহত শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বলকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার মিলন হোসাইনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা জেলা পুলিশ। পুলিশ বলছে, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পাশে পবনারটেক এলাকায় পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলন চাকরি জোগাড় করে দিয়েছিলেন শফিকুল ইসলামকে।

গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেতকিবাড়ি গ্রামে গিয়ে মিলনের স্বজনদের সঙ্গে কথা বলেন প্রথম আলোরলালমনিরহাট প্রতিনিধি। মিলনের স্ত্রী জহুরা বেগম প্রথম আলোকে বলেন, ‘১৩ জুলাই দুপুরে আমার মায়ের মোবাইলে জানতে পারি, মিলনকে পুলিশ স্কুল থেকে ধরে নিয়ে গেছে। আমার স্বামী কখনোই জঙ্গি ছিলেন না। শফিকুল পরিচিত হওয়ায় চাকরি পেতে তিনি সুপারিশ করেছিলেন মাত্র।’ মিলন ঢাকার উত্তরা টাউন ডিগ্রি কলেজ থেকে মার্কেটিং বিষয়ে অনার্স ও মাস্টার্স পাস করেন। আশুলিয়ার পবনারটেক এলাকায় মিলনের শ্বশুরবাড়ি।