অধ্যাপক তাহের হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের দশ বছর পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অধ্যাপক তাহেরের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত কর্মসূচি থেকে হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি ও রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাতে অধ্যাপক তাহের বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পশ্চিম ২৩ /বি বাসা থেকে নিখোঁজ হন। ৩ ফেব্রুয়ারি সকালে তাঁর বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সামনে থেকে প্রতিবাদ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় বিভাগের ৪১২ নম্বর কক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোকসভা থেকে দ্রুত অধ্যাপক তাহের হত্যা মামলার কার্যক্রম শেষ করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানানো হয়।
২০০৬ সালে হত্যাকাণ্ডের পরপরই অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভী নগরের মতিহার থানায় মামলা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাহেরের বাসার তত্ত্বাবধায়ককে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি তাহেরের সহকর্মী জামায়াতপন্থী শিক্ষক মিয়া মো. মহিউদ্দিনকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৮ মার্চ মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক আহসানুল কবির জামায়াতপন্থী শিক্ষক মিয়া মো. মহিউদ্দিন ও তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র​শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালেহীসহ ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৭ সালের ৩ জুলাই রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ শুরু হয়। ২০০৮ সালের ২২ মে আদালত মিয়া মো. মহিউদ্দিন, বাড়ির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আবদুস সালাম ও নাজমুল ইসলামের মৃত্যুদণ্ড দেন। অভিযোগপত্রভুক্ত অন্য দুই আসামি মাহবুবুল আলম সালেহী ও জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। পাঁচ বছর পর ২০১৩ সালের ২১ এপ্রিল আপিলের রায়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্য দুজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অভিযোগপত্রে উল্লিখিত আসামিদের দুজন খালাস পাওয়ায় এবং দুজনের সাজা কমানোয় তাহেরের পরিবারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে আপিল করা হয়। যা এখন শুনানির অপেক্ষায় আছে।