অধ্যাপক তাহের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গত সোমবার সকালে অধ্যাপক তাহেরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ দাবি জানানো হয়। সকাল ১০টার দিকে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, দীর্ঘদিনেও অধ্যাপক তাহের হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়াটা দুঃখজনক। তাঁরা সরকারের কাছে নিম্ন আদালতের রায় দ্রুত কার্যকর করার দাবি তুলে ধরেন। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের সভাপতিত্বে এ স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুশফিক আহম্মেদ, সাধারণ সম্পাদক ছাদেকুল আরেফিন, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, বিজ্ঞান অনুষদের ডিন তোফাজ্জাল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মিজানউদ্দিন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও এম সুলতান-উল-ইসলাম।২০০৬ সালের ১ ফেব্রুয়ারি অধ্যাপক তাহের আহমেদ নিখোঁজ হন। ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসভবনের ম্যানহোলের মধ্যে তাঁর মরদেহ পাওয়া যায়।