অধ্যাপক পদে ৩৬৭ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৬৭ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এখন প্রজ্ঞাপন জারি বাকি।
মন্ত্রণালয় জানায়, পরবর্তী সভায় সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে প্রায় দেড় হাজার শিক্ষককে পদোন্নতির সিদ্ধান্ত হবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম আলোকে জানান, অধ্যাপক পদে পদোন্নতির প্রজ্ঞাপন গতকাল রাতেই জারি করার চেষ্টা চলছিল। একই সঙ্গে এখন থেকে শিক্ষা ক্যাডারে আর ‘ইনসিটু’ (পদোন্নতির পরও সুবিধামতো জায়গায় থাকতে নিচের পদে চাকরির ব্যবস্থা) না রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের আলোকে গতকালই ৪৩ জন অধ্যাপকের ‘ইনসিটু’ বাতিল করে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে।
‘ইনসিটু’ ব্যবস্থা বাতিলের বিষয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এ ধরনের আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।