অধ্যাপক মাকসুদ কামালের প্রতিবাদ

অনলাইনে প্রকাশিত ‘ছাত্রলীগের আসাটাও কাম্য নয়: মাকসুদ কামাল’ শিরোনামের সংবাদটির প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। আজ মঙ্গলবার সমিতির প্যাডে নিজের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।
প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কার্যালয় ভাঙচুর এবং উপাচার্যের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে গতকাল সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। সেখানে সমিতির সভাপতির বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত প্রতিবাদে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আমার প্রদত্ত বক্তব্যের একটি অংশকে প্রথম আলো পত্রিকায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’ ছাত্রলীগের হামলাও কাম্য নয়: মাকসুদ কামাল শীর্ষক সংবাদে বলা হয়েছে, ‘সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল বলেছেন, উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাটি কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া আন্দোলনকারীদের ওপর একটি ছাত্র সংগঠন (ছাত্রলীগ) যেভাবে হামলা চালিয়েছে, সেটাও কাম্য নয়। এ বিষয়টিও তদন্ত করা হচ্ছে।’
নিজের বক্তব্যের বিষয়ে মাকসুদ কামাল বলেন, ‘প্রকারান্তরে আমি ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের নাম উচ্চারণ করে কোনো রকম মন্তব্য করিনি এবং হামলা শব্দটিও আমার বক্তব্যের কোথাও উল্লেখ করিনি। এমতাবস্থায় আমাকে উদ্ধৃত করে প্রথম আলো পত্রিকার এহেন বিকৃত সংবাদ প্রকাশ আমার মর্যাদা ক্ষুণ্ন করার শামিল এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বিনষ্টের অপপ্রয়াস মাত্র। আমি তাদের এহেন অপপ্রয়াসকে নিন্দা জানাই।’ এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা রক্ষায় সকলকে সঠিক ও সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন তিনি।