অধ্যাপক রিয়াজুল পদে থাকছেন, তদন্ত চলতে বাধা নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি নিষ্পত্তি করে গতকাল রোববার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।
এর ফলে অধ্যাপক রিয়াজুল হক স্বপদে থাকছেন ও তাঁর কাজ চালিয়ে যেতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, একই আদেশে হাইকোর্ট অধ্যাপক রিয়াজুলের বিষয়ে বিভাগীয় যে তদন্ত কার্যক্রম চলছিল, এর ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আবেদন করা হলে চেম্বার বিচারপতি এই আদেশ স্থগিত করেন। এই স্থগিতাদেশ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেছে আপিল বিভাগ। ফলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কার্যক্রম পরিচালনায় বাধা নেই।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ এপ্রিল হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি রিয়াজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত হয়ে তা গতকাল নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন। ওই শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, আবদুল মতিন খসরু ও জ্যোতির্ময় বড়ুয়া।
গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় অধ্যাপক রিয়াজুলকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়। তখন জানানো হয়, তাঁর বিরুদ্ধে পাঠদানের সময় ‘অশ্লীল’ তথ্য ব্যবহারের অভিযোগ এসেছে। গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরে এক চিঠি অধ্যাপক রিয়াজুলের কাছে পৌঁছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিটটি করেন।