ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
রিয়াজুলকে সাময়িক বরখাস্তের চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই সহ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), রেজিস্ট্রার, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিনসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জেন্ডার কোর্সের অংশ হিসেবে শ্রেণিকক্ষে ‘অশ্লীল চিত্র’ প্রদর্শন করার অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রিয়াজুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্তের কথা জানিয়ে গত ৭ মার্চ রিয়াজুলকে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ৭ এপ্রিল হাইকোর্টে একটি রিট আবেদন করেন রিয়াজুল। এ বিষয়ে আজ প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন আদালত।
শুনানিতে রিয়াজুলের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাঈম আহমেদ।
পরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধান অনুসারে সাময়িক বরখাস্তের সুযোগ নেই। রিয়াজুলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে তদন্ত কমিটি, সিন্ডিকেট নয়। তা ছাড়া তাঁকে কারণ দর্শানোরও নোটিশ দিতে হবে। এসব বিধান অনুসরণ না করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রিয়াজুলকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত হওয়ায় তাঁর কাজে যোগ দিতে আইনগত কোনো বাধা নেই।