অধ্যাপক রিয়াজুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক রিয়াজুল হকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।
রিট আবেদনকারীকে (রিয়াজুল) সাময়িক বরখাস্ত করে দেওয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সহ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), রেজিস্ট্রার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ ছয়জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জেন্ডার কোর্সের অংশ হিসেবে শ্রেণিকক্ষে ‘অশ্লীল চিত্র’ প্রদর্শন করার অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রিয়াজুলকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়। এ কথা জানিয়ে গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরে একটি চিঠি রিয়াজুলের কাছে পৌঁছায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন অধ্যাপক রিয়াজুল।
গতকাল এই রিট আবেদনের শুনানি হয়। এতে রিয়াজুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধান অনুসারে সিন্ডিকেটের মাধ্যমে সাময়িক বরখাস্তের সুযোগ নেই। তিনি বলেন, রিয়াজুলের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই চিঠিতে। এ ছাড়া তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত সাময়িক বরখাস্তের ওই আদেশ স্থগিত করার আদেশ দেন। ফলে অধ্যাপক রিয়াজুল হকের কাজে যোগ দিতে এখন আইনগত কোনো বাধা নেই।