অধ্যাপক রেজাউল হত্যা: অভিযোগপত্র গ্রহণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আটজনকে অভিযুক্ত করে জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মামলার ধার্য দিনে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক জাহিদুল ইসলাম তা গ্রহণ করেন।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম অভিযোগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন।
এর আগে গত রোববার দুপুরে আট জেএমবি সদস্যকে অভিযুক্ত করে অধ্যাপক রেজাউল হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। আদালত শুনানির জন্য মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে জেএমবি সদস্য খাইরুল ইসলাম বাঁধন, নজরুল ওরফে বাইক হাসান ও ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন। বাকি পাঁচজনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরিফুল ইসলাম পলাতক। অপর আসামি মাসকাওয়াত আবদুল্লাহ, রিপন আলী, আবদুস সাত্তার ও রহমতুল্লাহ কারাগারে রয়েছেন।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।