রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যার বিচার চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতি ফেডারেশনের নেতারা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এ দাবি জানান।
এ সময় শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষককে কুপিয়ে হত্যা করা হলেও সরকারের পক্ষ থেকে কেউ ওই বিশ্ববিদ্যালয়ে যাননি বা খোঁজ নেননি। হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পার হলেও প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করা বা গ্রেপ্তার করা হয়নি। তাঁদের অভিযোগ, তদন্তকাজে সহযোগিতার নামে যুক্তরাষ্ট্র এ দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চাইছে।
শিক্ষকদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে ১৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রথম আলোকে জানান ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে শিক্ষক নেতারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গণমাধ্যমে সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। যেসব বক্তব্য জনগণের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি করে এবং জঙ্গিবাদকে উৎসাহিত করে, তা পরিহার করার জন্য স্মারকলিপিতে পরামর্শ দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ‘তদন্তকাজে সহযোগিতার নামে যুক্তরাষ্ট্র এ দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চাইছে। ইতিমধ্যে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে তদন্তে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা যুক্তরাষ্ট্রের এসব অশুভ তৎপরতা আপনি ও আপনার মাধ্যমে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
ছুটির মধ্যেও শিক্ষার্থীদের আন্দোলন
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা।
কাল শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। গতকাল ছিল শবে মিরাজের ছুটি। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এর পরও শিক্ষার্থীরা পূর্বঘোষণা অনুযায়ী ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’ (অধ্যাপক রেজাউল করিম ‘মুকুল’ নামে পরিচিত ছিলেন) থেকে মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা আন্দোলন বেগবান রাখতে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
২ মে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছুটির মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দুই-একজন ক্যাম্পাসে থাকলেও তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে একটু দূরে অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে নগরের মতিহার থানায় মামলা করেন।